Advertisement
Us Bangla Airlines
অনিয়মের অভিযোগে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!

অনিয়মের অভিযোগে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!

খেলা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪

লাতিন-বাংলা সুপার কাপের বহুল প্রতীক্ষিত শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। আগামী ১১ ডিসেম্বর এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু টুর্নামেন্টজুড়ে নানা অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচটিও স্থগিত করা হচ্ছে।

চিঠিতে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে মন্ত্রণালয়। বলা হয়, ম্যাচের টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়নি, খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়নি, এবং স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়ে কোনো তথ্য প্রদান করেনি আয়োজকরা।

এই অনিয়মের জবাবে ৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির অর্ধেক আয়ের সঙ্গে সব আর্থিক হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সোমবার (৮ ডিসেম্বর) রাতে। চলমান ম্যাচের সময় জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন।

বিষয়টিকে মন্ত্রণালয় চিঠিতে ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে এবং ম্যাচ স্থগিতের প্রধান কারণগুলোর একটি হিসেবে যুক্ত করে।

এদিকে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ঘোষণা দিয়েছিল, সুপার কাপে উপস্থিত থাকবেন দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাফু ও ক্যানিজিয়া। তবে টুর্নামেন্ট ঘিরে এমন সংকট তৈরি হওয়ায় তাঁদের আসাও এখন অস্পষ্ট হয়ে পড়েছে।

এমআই