বিপিএলে নাম লেখালেন ৩১৯ উইকেট নেওয়া ভারতীয় স্পিনার
খেলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ১৫:১০
দেশের ক্রীড়াঙ্গনে বাজছে বিপিএলের দামামা। আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। তবে চলতি মাসের ৩০ তারিখেই বসছে বিপিএলের নিলাম। আয়োজনে খুব বেশি সময় না পেলেও বিপিএল নিয়ে বেশ রেশ ছড়াচ্ছে বিসিবি। ইতোমধ্যে নিলামে থাকা ২৪৫ জন বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
প্রকাশিত তালিকা থেকে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ভারতীয় স্পিনার পীযূষ চাওলা। জাতীয় দলের তিন ফরম্যাটে নাম লেখালেও ক্যারিয়ারটা বড় হয়নি এই তারকা বোলারের। তবে ঘরোয়া লিগ আর আইপিএলে বল হাতে বেশ সুনাম কুড়িয়েছেন এই লেগ স্পিনার। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ৩১৯ উইকেট শিকার করেছেন তিনি।
২০০৬ সালে ইংল্যান্ড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় পীযূষ চাওলার। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। ২০১০ সালে তিনি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন। জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে ৭টি ম্যাচ খেলেছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে তিনটি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন পীযূষ চাওলা। সবমিলিয়ে জাতীয় দলের জার্সিতে ৪৩টি উইকেট রয়েছে তাঁর।
জাতীয় দলের ক্যারিয়ার বড় না হলেও আইপিএলে লম্বা সময় খেলেছেন এই অভিজ্ঞ স্পিনার। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। এরমধ্যে ২০২২ সালে তিনি দল পাননি। আইপিএলের সবশেষ আসর, ২০২৫ মৌসুমেও খেলা হয়নি তার।
তবে ২০১৪ সালে কলকাতার জার্সিতে আইপিএল জিতেছিলেন পীযূষ চাওলা। সেবার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারানোর নেপথ্যে ছিল তাঁর গুরুত্বপূর্ণ ইনিংস। ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সবমিলিয়ে মোট ১৯২টি আইপিএল ম্যাচ খেলে ১৯২ উইকেট শিকার করেছেন তিনি।
চলতি বছরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই স্পিনার। এরপরই ভারত ছেড়ে বিদেশি টুর্নামেন্টে নাম লেখাচ্ছেন তিনি। বর্তমানে আবুধাবি টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে মাঠ মাতাচ্ছেন পীযূষ চাওলা।
এমআই