বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে যা বললেন স্মৃতি
খেলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ২২:২০
ব্যক্তিগত জীবনের বড় ধাক্কার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে। সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার মাত্র তিন দিন পর তিনি হাজির হন দিল্লির অ্যামাজন সম্ভাব সম্মেলনে। মঞ্চে তাঁর পাশে ছিলেন জাতীয় দল অধিনায়ক হারমানপ্রীত কৌরও।
স্মৃতি ও পলাশের সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের। গত ২৩ নভেম্বর সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজনও করা হয়েছিল। কিন্তু গায়েহলুদের পরদিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে বিয়ে স্থগিত হয়। পরদিন পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পলাশের অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন।
৭ ডিসেম্বর দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, বিয়ে বাতিলের সিদ্ধান্ত তাঁদের। কারণ নিয়ে তবে কেউই মুখ খোলেননি। এই ঝড়ের মাঝেই প্রথমবার জনসম্মুখে আসেন স্মৃতি। সম্মেলনের সঞ্চালক মন্দিরা বেদি স্পর্শকাতরতা বিবেচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কোনো প্রশ্ন তোলেননি।
তবে একটি প্রশ্ন আসে, এতকিছুর মাঝেও কীভাবে ক্রিকেটে মনোযোগ ধরে রাখেন? জবাবে স্মৃতি বলেন, ‘ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি, এমন কিছু নেই। ভারতীয় জার্সি পরার অনুভূতিটাই আমাদের বেশি টানে। জার্সিটা গায়ে দিলেই নিজের সব সমস্যা পাশ কাটিয়ে রাখা যায়। এই ভাবনাই আমাকে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে।’
ঘরের মাঠে গত মাসেই প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছে ভারত। সেই সাফল্য নিয়ে স্মৃতি বলেন, ‘এই বিশ্বকাপ ছিল বছরের পর বছর লড়াইয়ের পুরস্কার। ১২ বছরের বেশি সময় ধরে খেলছি, অনেকবারই ফল আমাদের পক্ষে আসেনি। ফাইনালের আগে আমরা স্বপ্ন দেখেছিলাম। সত্যি হওয়ার পর স্ক্রিনে দৃশ্যটা দেখে গায়ে কাঁটা দিয়েছিল।’
এমআই