Advertisement
Us Bangla Airlines
১৩৪ টাকায় মাঠে বসে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

১৩৪ টাকায় মাঠে বসে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ২১:২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ মাত্র ১৩৪ টাকা খরচে মাঠে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা। ভারতের নির্দিষ্ট কিছু ভেন্যুতে এই খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ রুপির সমান। শ্রীলঙ্কায় প্রথম পর্বের ম্যাচ দেখতে হলে দর্শকদের খরচ করতে হবে এক হাজার লঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারতে। পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কায়। প্রথম পর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আইসিসি আজ ঘোষণা করেছে এই প্রথম পর্বের টিকিটের দাম। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে দর্শকরা টিকিটস.ক্রিকেটওয়ার্ল্ডকাপ.কম ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন।

আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, খরচ সাশ্রয়ী ও উদযাপনের আনন্দ সকলের জন্য উন্মুক্ত রাখতে টিকিটের দাম রাখা হয়েছে ১০০ রুপি থেকে শুরু করে হাজার শ্রীলঙ্কান রুপি পর্যন্ত। তিনি বলেন, ‘এতে শুধু দূরের দর্শক নয়, স্টেডিয়ামের শক্তি, আবেগ এবং জাদু উপভোগ করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবেন লাখ লাখ মানুষ।’

এইবারও বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। প্রথম পর্বে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপের সেরা দুটি দল উঠবে সুপার এইটে। সেখানে ৮ দলকে দুই গ্রুপে ভাগ করে সেরা চার দল যাবে সেমিফাইনালে।

সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ, ফাইনাল ৮ মার্চ। প্রথম সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান যদি উঠতে পারে, সেমিফাইনাল হবে কলম্বোতে; নাহলে প্রথম সেমিফাইনাল কলকাতায়, আর ফাইনাল আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

এমআই