জাতীয় দলে না খেলা ৮ ক্রিকেটারকে কোটিপতি বানাল আইপিএল
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ২১:১২
আইপিএলের নিলাম মানেই বিদেশি তারকাদের নিয়ে হইচই, এমন ছবিই এতদিন অভ্যস্ত ছিল ভারতীয় ক্রিকেট। তবে এবারের নিলামে সেই চেনা ছবিতে বড় পরিবর্তনের আভাস মিলেছে। বিদেশিদের পাশাপাশি ঘরোয়া, এমনকি অনেক ক্ষেত্রে জাতীয় দলে না খেলা ভারতীয় ক্রিকেটারদের দিকেই ঝুঁকেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোট ৭৭ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন। এর মধ্যে ৩৯ জনই ঘরোয়া ভারতীয় ক্রিকেটার, যাঁরা এখনও জাতীয় দলে সুযোগ পাননি। শুধু তাই নয়, এই তালিকায় এমন ক্রিকেটারও আছেন, যাঁরা রঞ্জি ট্রফিতেও নিয়মিত নন। তবু নিলামে তাঁরা টেক্কা দিয়েছেন পরিচিত ও অভিজ্ঞ নামগুলোকে।
এবারের নিলামে জাতীয় দলে না খেলা আট জন ঘরোয়া ক্রিকেটার কোটিপতি হয়েছেন। তাঁরা হলেন— কার্তিক শর্মা (১৪ কোটি ২০ লক্ষ), প্রশান্ত বীর (১৪ কোটি ২০ লক্ষ), আকিব দার (৮ কোটি ৪০ লক্ষ), মঙ্গেল যাদব (৫ কোটি ২০ লক্ষ), তেজস্বী সিংহ (৩ কোটি), অক্ষত রঘুবংশী (২ কোটি ২০ লক্ষ), সলিল অরোরা (১ কোটি ৫০ লক্ষ) এবং নমন তিওয়ারি (১ কোটি)।
এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। দুজনকেই কিনেছে চেন্নাই সুপার কিংস। এই দুই তরুণের পেছনে খরচ করেছে মোট ২৮ কোটি ৪০ লক্ষ টাকা। চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘ভালো ঘরোয়া ক্রিকেটার দলে থাকলে দলের শক্তি বাড়ে। কখনও কখনও ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতেই হয়। আমরা সেটাই করেছি।’
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলোতে যে বদল এসেছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে আইপিএলে। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পঞ্জাবসহ অন্তত ১০টি রাজ্যে নিয়মিত টি-টোয়েন্টি লিগ হচ্ছে। সেখান থেকেই উঠে আসছে নতুন প্রতিভারা।
পরিসংখ্যানেও নিজেদের প্রমাণ দিয়েছেন এই তরুণরা। প্রশান্ত বীর ইউপি টি-টোয়েন্টি লিগে আট ম্যাচে করেছেন ৩২০ রান, নিয়েছেন ৮ উইকেট। ব্যাটিং গড় ৬৪, ইকোনমি ৬.৬৯। কার্তিক শর্মা শের-ই-পঞ্জাব লিগে ১০ ইনিংসে ৪৫৭ রান করেছেন ১৬৮ স্ট্রাইক রেটে। তেজস্বী সিংহ দিল্লি প্রিমিয়ার লিগে ১২ বলে অর্ধশতরানসহ ৩৩৯ রান করেছেন, মেরেছেন ২৯ ছক্কা।
এ ছাড়া জম্মু-কাশ্মীরের আকিব দার রঞ্জি ট্রফিতে ২৯ উইকেট ও সৈয়দ মুস্তাক আলিতে ১৫ উইকেট নিয়ে নজর কাড়েন। বাঁহাতি পেসার মঙ্গেল যাদবের ইয়র্কার ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়িয়েছে। অনভিষিক্ত এই ক্রিকেটাররা পারফরম্যান্সে আইপিএলের নিলামে নিজের নাম উজ্জ্বল করেছেন।
এমআই