Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজকে দলে পেতে লড়াই করেছিল যে ৩ দল

মোস্তাফিজকে দলে পেতে লড়াই করেছিল যে ৩ দল

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ২২:১১

আইপিএল মিনি নিলামের অন্যতম আলোচিত নাম ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে তার নাম উঠতেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে দলে নিতে শেষ পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজি নেমেছিল সরাসরি প্রতিযোগিতায়।

নিলামের শুরুতেই মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে শেষ মুহূর্তের বদলি হিসেবে দিল্লির হয়ে খেলা এই পেসারের প্রতি তাই আস্থাও ছিল তাদের। কিছুক্ষণ পর লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জার্সিতে আগেও সফল সময় কাটানো মোস্তাফিজকে ফের দলে ফেরানোর চেষ্টা করে তারা।

দিল্লি ও চেন্নাইয়ের টানাপোড়েনে দ্রুত চড়তে থাকে দর। একপর্যায়ে দাম পৌঁছে যায় ৫ কোটি রুপির ঘরে। দর ৫ কোটি ৪০ লাখ রুপিতে ওঠার পর বাজেট বিবেচনায় লড়াই থেকে সরে আসে দিল্লি ক্যাপিটালস। তখন নিলামের নিয়ন্ত্রণ ছিল চেন্নাইয়ের হাতে।

ঠিক সেই মুহূর্তেই নিলামে নাটকীয় মোড় নেয়। হঠাৎ দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই দর বাড়িয়ে ৭ কোটি রুপি পর্যন্ত নিলেও কলকাতা অনড় থাকে। শেষ পর্যন্ত দর পৌঁছে যায় ৯ কোটি ২০ লাখ রুপিতে। বাজেট সংকটে চেন্নাই আর এগোতে না পারলে হাতুড়ির শব্দ থামে কলকাতার পক্ষে।

সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স—এই তিন দলের টানাপোড়েন শেষে রেকর্ড গড়া দামে কলকাতার জার্সি গায়ে জড়ান মোস্তাফিজুর রহমান।

এমআই