এবার কোহলিকে পেছনে ফেললেন বৈভব
খেলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭
ক্রিকেট দুনিয়ায় আলো ছড়াতে বয়স কখনোই বাধা নয়। বৈভব সূর্যবংশী সেটাই প্রমাণ করছেন বারবার। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ব্যাটসম্যান। আগ্রহের সেই ঢেউ এতটাই তীব্র যে, ২০২৫ সালে গুগল সার্চে ভারতীয়দের মধ্যে তিনি পেছনে ফেলেছেন স্বয়ং বিরাট কোহলিকেও।
বছরজুড়ে একের পর এক বিস্ফোরক ইনিংসে শিরোনাম কুড়িয়েছেন বৈভব। তারই সর্বশেষ প্রদর্শনী দেখা গেল গত শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী দিনে। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৯টি চার আর ১৪টি ছক্কার বৃষ্টিতে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন।
এই ইনিংসটি যুব ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল আম্বাতি রায়ুডু। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান। আর ১৪টি ছক্কা? যুব ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ছিল মাত্র ১২টি।
২০২৫ সালটা বৈভবের জন্য যেন রূপকথার মতো। আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনার ঝড় তোলেন তিনি। যা টুর্নামেন্টে কোনো ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম শতক। এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে খেলেও ব্যাটে রেখেছেন ধারাবাহিকতা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রডকাস্টারের কাছ থেকেই বৈভাব জানতে পারেন, গুগল সার্চে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে। তবে কীর্তির এই বাহারি পরিসংখ্যান তাকে খুব একটা নাড়ায় না।
বৈভব বলেন, ‘এসব বিষয়ে আমি মনোযোগ দিই না। আমি শুধু নিজের খেলায় মন দিই। হ্যাঁ, শুনেছি—ভালো লেগেছে। দেখেছি, তারপর সামনে এগিয়ে গেছি।’
এমআই