Advertisement
Us Bangla Airlines
আইপিএলে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজ

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজ

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

আইপিএল নিলামের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

এই দরেই আইপিএল নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য রেকর্ড হলো। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান ডলার-রুপি বিনিময় মূল্যে সেটির অঙ্ক দাঁড়ায় প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি। তবে এবার সবাইকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ।

কলকাতার জার্সিতে খেলতে গিয়ে আইপিএলে ষষ্ঠ ভিন্ন দলে নামতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। অভিজ্ঞতা, কাটার আর ডেথ ওভারের দক্ষতা; সব মিলিয়ে রেকর্ড দামে কলকাতার ভরসার নাম এখন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এমআই