দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার
খেলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪
শ্রীলঙ্কা ক্রিকেটে সময়টা ভালো কাটছে না। এর মাঝেই হঠাৎ করেই নেমে এলো পরিবর্তনের ছায়া। জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও লঙ্কান তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গাকে। নতুন করে গঠিত নির্বাচক কমিটিতে জায়গা হয়নি তাঁর।
শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন প্রমোদয়া বিক্রমাসিংহে। নারী ও পুরুষ দুই দলেরই স্কোয়াড নির্বাচনের ভার থাকবে তাঁর কাঁধে। তাঁর সঙ্গে নতুন কমিটিতে যুক্ত হয়েছেন ভিনোথেন জন, ইন্দিকা ডি সারাম, রসাঞ্জলি ডি আলভিস (সাবেক নাম সিলভা) এবং থারাঙ্গা পারানাভিতানা।
এর মধ্য দিয়ে থারাঙ্গার নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটি বিলুপ্ত করা হলো। যদিও নতুন প্যানেলে কিছু ধারাবাহিকতা রাখা হয়েছে। কারণ পারানাভিতানা ও ডি সারাম আগের কমিটিতেও সদস্য ছিলেন।
প্রমোদয়া বিক্রমাসিংহে এর আগেও প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত এই পদে কাজ করেছেন তিনি। তবে ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হতাশাজনক পারফরম্যান্সের পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরও আগে, ২০১৩ থেকে ২০১৫ সময়কালে সনাথ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে সদস্য ছিলেন তিনি।
নির্বাচক প্যানেলে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার স্পোর্টস ল অনুযায়ী, এ ধরনের নিয়োগ ও পরিবর্তনে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।
এদিকে নতুন নির্বাচক কমিটির নির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
এমআই