শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪৪
শেষ ওভারের নাটকীয়তায় বদলে গেল গ্রুপের ছবিটা। জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান, হাতে মাত্র ২ উইকেট। সেই চাপের মুহূর্তে পরপর ছক্কা ও চার হাঁকিয়ে আফগানিস্তানের হৃদয় ভেঙে দিলেন চামিকা হিনাটিগালা। শ্রীলঙ্কার এই রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশেরও।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সোমবার আফগানিস্তানকে ২ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা পাকা হয়ে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার। টানা দুই ম্যাচে জয় পাওয়া এই দুই দলের সামনে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এখন কেবল শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই।
গ্রুপ ‘এ’ থেকে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। ইতোমধ্যে তারা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতলে ভারতের পরিবর্তে পাকিস্তান বা অন্য দলের বিপক্ষে খেলবে টাইগাররা। নিশ্চিতভাবেই এই সুযোগ লুফে নিতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে আজ টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২৩৫ রানে অলআউট হয়ে যায়। সাতজন ব্যাটার দুই অঙ্কের ঘরে ঢুকলেও বড় ইনিংসের অভাব ভোগায় দলটি। সর্বোচ্চ ৫২ রান আসে ওসমান সাদাতের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বোলিংয়ে ধার দেখান সেথমিকা সেনেবিরত্নে ও দুলনিথ সিগেরা, দুজনই নেন ৩টি করে উইকেট।
রান তাড়ায় শুরুতে ভরসা জোগান বিরান সামুদিথা, তার ব্যাট থেকে আসে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ম্যাচের গল্পটা শেষ পর্যন্ত লেখা হয় হিনাটিগালার ব্যাটেই। শেষ দিকে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
গ্রুপের প্রথম দুই ম্যাচে হেরে আগেই ছিটকে গেছে আফগানিস্তান ও নেপাল। ফলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেমিফাইনাল নিশ্চিতের পর এই দুই দল এবার গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
এমআই