Advertisement
Us Bangla Airlines
জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩

হ্যাটট্রিক চ্যাম্পিয়নের স্বপ্ন চোখে নিয়ে এশিয়া কাপের মঞ্চে পা রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুটাও হলো কাঙ্ক্ষিত জয় দিয়ে। ব্যাটে জাওয়াদ আবরারের দুর্দান্ত ঝলক, শেষ দিকে রিজান হোসানের ঠান্ডা মাথার দৃঢ়তায় আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল যুব টাইগাররা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৭ উইকেটে ২৮৩ রান। যুব ক্রিকেট বিবেচনায় এটা বড় ও লড়াকু এক পুঁজি।

আফগানদের ইনিংসের মূল ভরকেন্দ্র ছিলেন তিন নম্বরে নামা ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন দারুণ ১০৩ রান। শুরুতে দলীয় ১৬ রানে ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। এরপর ওসমান সাদাতকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন ফয়সাল। সাদাত ৩৪ রান করে সামিউন বসিরের বলে বোল্ড হন।

এরপর উজাইরউল্লাহ নিয়াজাইয়ের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে আফগান ইনিংসকে মজবুত ভিত দেন ফয়সাল। তবে মাঝের অংশে চমৎকার বোলিংয়ে ২৮ রানের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। অধিনায়ক মাহবুব খান (১৩), খাতির স্টানিকজাই (১১), রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে আফগানরা।

শেষদিকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজের ঝোড়ো ব্যাটিংয়ে আবার গতি পায় ইনিংস। মিয়াখিল করেন অপরাজিত ৩৮, আর আজিজ ১৬ বলে ২৬ রানের ক্যামিও খেলেন। শেষ ২৮ বলে ৫৮ রান খরচ করতে হয় বাংলাদেশকে।

২৮৪ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৫১ রানের ওপেনিং জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে যুব টাইগারদের হাতে। জাওয়াদ ১১২ বলে করেন ৯৬ রান, ৯টি চার আর ৬টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

রিফাতের ব্যাট থেকেও আসে কার্যকর অবদান, ৬৮ বলে ৬২ রান; যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। মাঝে অধিনায়ক আজিজুল হাকিম ৪৮ বলে ৪৭ রানের ইনিংস খেললেও শেষ দিকে কিছুটা চাপ তৈরি করে আফগান বোলাররা। কালাম সিদ্দিকি করেন ৩৬ বলে ২৯ রান।

শেষ বেলায় দায়িত্ব নেন রিজান হোসান। চাপে না ভেঙে ১৩ বলে অপরাজিত ১৭ রান করে ম্যাচ শেষ করেন তিনি। তার দৃঢ়তায় ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক চ্যাম্পিয়নের স্বপ্নে যাত্রা শুরু হলো আত্মবিশ্বাসী এক জয় দিয়ে। সামনে পথটা কঠিন হলেও, শুরুটা করে রাখল যুব টাইগাররা ঠিকই।

এমআই