বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দল নিয়ে কথা হয়নি!
খেলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:০৫
নিরাপত্তা শঙ্কার মেঘে ঢেকে গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প ভেন্যুর দাবিতে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে। তবে সময়ের স্বল্পতা ও বাস্তবতার কঠিন সমীকরণে বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছে।
সূচি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই হওয়ার কথা ভারতে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতির প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। সেই উদ্বেগ থেকেই ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে তারা।
শুধু চিঠিতেই থেমে থাকেনি আলোচনা। মেইল চালাচালির পাশাপাশি ভিডিও কনফারেন্সে একাধিক দফা বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। এমনকি পরিস্থিতি সরেজমিনে বুঝতে বাংলাদেশ সফরও করে আইসিসির একটি প্রতিনিধি দল। তবুও এখন পর্যন্ত কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
এরই মধ্যে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। যদিও বিসিবির দাবি, এমন কোনো নির্দিষ্ট ডেডলাইনের কথা তাদের জানানো হয়নি। একই প্রতিবেদনে উঠে এসেছে আরেক সম্ভাবনার কথা—বাংলাদেশ সরে দাঁড়ালে বিকল্প দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেতে পারে স্কটল্যান্ড।
তবে এই জল্পনায় আপাতত পানি ঢেলেছে বিবিসি স্পোর্টস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের সঙ্গে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা করেনি আইসিসি। বরং মার্চে ওমান ও নামিবিয়ার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতেই মনোযোগী স্কটিশ শিবির।
এমআই