বিগ ব্যাশে রিশাদের নতুন রেকর্ড
খেলা ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ২০:১৭
বিগ ব্যাশে যেন থামছেই না রিশাদ হোসেনের জাদু। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও নিজের চেনা রূপে ফিরলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। বল হাতে ৩ উইকেট নিয়ে শুধু ম্যাচ জেতাননি হোবার্ট হারিকেনসকে, গড়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও নতুন এক মাইলফলক।
হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ। তার নিয়ন্ত্রিত ও বিধ্বংসী স্পেলে ৩৭ রানের দাপুটে জয় পায় হারিকেনস। টসে হেরে আগে ব্যাট করে হোবার্ট তোলে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে থামে ১৪১ রানে। তাতে জয় টেবিলের শীর্ষস্থান আরও পাকা করলো হোবার্ট।
এদিকে আজকের তিন উইকেটসহ বিগ ব্যাশে রিশাদের উইকেটসংখ্যা দাঁড়াল ১১টিতে। তাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই বোলার। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে বদলি ক্রিকেটার হিসেবে খেলা সাকিবের উইকেট ছিল ৯টি। আট ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন বিগ ব্যাশে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক রিশাদ হোসেন।
চলমান আসরেও স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সমান ১১ উইকেট রয়েছে অ্যাডিলেডের লেগ স্পিনার লয়েড পোপেরও।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এদিন ম্যাচে রিশাদের শুরুটা ছিল চোখে পড়ার মতো। নিজের প্রথম ওভারের শেষ বলে প্যাডল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই উইকেট থেকে বেরিয়ে খেলতে এসে রিশাদের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পড হন জেমি ওভারটন।
প্রথম দুই ওভারে ২ উইকেট পেলেও সে সময় কিছুটা খরুচে ছিলেন রিশাদ। এই দুই ওভারেই দেন ২১ রান। তবে অভিজ্ঞতা আর বৈচিত্র্যে দ্রুতই বদলে দেন দৃশ্যপট। শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান, সঙ্গে তুলে নেন লুক উডের গুরুত্বপূর্ণ উইকেট। মাঝের ওভারগুলোতে ম্যাচ পুরোপুরি হোবার্টের নিয়ন্ত্রণে এনে দেন এই লেগ স্পিনার।
এমআই