দুই বিদেশি অলরাউন্ডারকে দলে ভেড়াল চট্টগ্রাম
খেলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দল গোছাতে শেষ মুহূর্তে বড় নাম টানছে সবাই। এই দৌড়ে নিজেদের শক্তি আরও বাড়াল চট্টগ্রাম রয়্যালস। দলে ভেড়াল দুই বিদেশি তারকা।
এবারের বিপিএলে পাকিস্তানের অলরাউন্ডার কামরান গুলাম ও দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার ক্যামরন ডেলপোর্টকে দলে নিয়েছে চট্টগ্রাম। টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে অভিষেক না হলেও ব্যাটে-বলে সমান দক্ষ গুলাম। দুই ক্রিকেটারের আগমনেই ব্যাটিং ও অলরাউন্ড শক্তিতে বাড়তি ধার পাচ্ছে বন্দরনগরীর দলটি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের পরিচিত মুখ ক্যামরন ডেলপোর্ট। আইপিএলসহ একাধিক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। বিপিএলেও আগের চার মৌসুমে মাঠে নেমেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭৮ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ৬ হাজার ২৯০ রান করেছেন ডেলপোর্ট।
ডেলপোর্টের সঙ্গে যোগ দিচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার কামরান গুলাম। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স নজর কাড়ার মতো। টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে ১২৯.১৫ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৮৩৪ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৫ উইকেট। বিপিএলই হতে যাচ্ছে তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা।
বিদেশি শক্তিতে চট্টগ্রামের প্রস্তুতি এখানেই শেষ নয়। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে দলে নেয় রয়্যালস। এছাড়া খেলবেন আইরিশ ব্যাটিং তারকা পল স্টার্লিং। নিলাম থেকে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলাকেও স্কোয়াডে যুক্ত করেছে তারা।
এমআই