Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে তোলা অধিনায়ককে দল থেকে বাদ দিল ইতালি

বিশ্বকাপে তোলা অধিনায়ককে দল থেকে বাদ দিল ইতালি

খেলা ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার জায়গা করে নেওয়ার নেপথ্যের নায়কই এবার বাদ। বড় ধাক্কা খেলেন ইতালির ইতিহাস গড়া অধিনায়ক জো বার্নস। নেতৃত্ব হারানোর পর এবার নিশ্চিত হলো, বিশ্বকাপ পরিকল্পনাতেও নেই অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।

বার্নসকে সরিয়ে ইতালির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েন ম্যাডসেনকে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির ক্রিকেট বোর্ড এফসিআরআই । একই সঙ্গে জানানো হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হচ্ছে না বার্নসকে।

বার্নসের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি। অথচ সেই অধিনায়ককেই মূল পর্বে না রাখার সিদ্ধান্ত বিস্ময় ছড়িয়েছে ইতালির ক্রিকেট অঙ্গনে। অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলা বার্নসের জন্ম ও বেড়ে ওঠা ব্রিজবেনে।

২০২০ সালের পর জাতীয় দল থেকে বাদ পড়ার পর মায়ের সূত্রে ইতালির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। ২০২৪ সালের জুনে লুক্সেমবার্গের বিপক্ষে সাব-রিজিওনাল বাছাইপর্বে ইতালির জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। একই বছরের ডিসেম্বরে তার কাঁধেই তুলে দেওয়া হয় অধিনায়কত্ব।

বার্নসের নেতৃত্বে বাছাইপর্বে গার্নসি ও স্কটল্যান্ডকে হারিয়ে ইউরোপ অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায় ইতালি। বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন বার্নস। কিন্তু সেই স্বপ্নে আচমকা ছেদ টানল বোর্ডের সিদ্ধান্ত।

৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানকে বাদ দেওয়ার পেছনে নির্দিষ্ট কারণ খোলাসা করেনি বোর্ড। তবে বিবৃতিতে উঠে এসেছে চুক্তি সংক্রান্ত জটিলতার কথা। এর ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। গত নভেম্বরে প্রস্তুতি ক্যাম্পে বার্নসের বদলে ম্যাডসেনকে অধিনায়ক করা হয়, সেই ক্যাম্পে ছিলেন না বার্নস।

ইতালির জার্সিতে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২৭১ রান করেছেন বার্নস। তার গড় ৪৫.১৬, স্ট্রাইক রেট ১৩৮.৯৭।

এমআই