Advertisement
Us Bangla Airlines
তিন জয়ের পর এক ম্যাচ হেরেই বাংলাদেশের বিদায়

তিন জয়ের পর এক ম্যাচ হেরেই বাংলাদেশের বিদায়

খেলা ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ। টানা তিন ম্যাচের পর এই ম্যাচ জিতলেই ফাইনাল খেলতো টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পায়নি আজিজুল হাকিম তামিমের দল। ব্যাটিং ব্যর্থতার পর নির্বিষ বোলিংয়ে ৮ উইকেটের পরাজর হজম করে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।

শুক্রবার দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ। আউট ফিল্ড ভেজা থাকার কারণে ২৭ ওভারে নেমে আসে এই ম্যাচ। তাতে ব্যাটিং ব্যর্থতায় সব উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৬৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান যুব দল।

২০ উইকেট হারানোর ম্যাচে বাংলাদেশের জয়

২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশ এবার নেমেছিল শিরোপা ধরে রাখার মিশনে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে ফাইনালের পথ অনেকটাই মসৃণ করে ফেলেছিল তামিমের দল। কিন্তু সেমিফাইনালের মঞ্চে এসে সেই যাত্রায় হঠাৎই দাঁড়ি টানল পাকিস্তান।

দুবাইয়ে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর শুরু হয় এই সেমিফাইনাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইনিংসে শেষ পর্যন্ত ১২১ রানেই থামে টাইগারদের সংগ্রহ। বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন বশির রাতুল। ৩৭ বলের ইনিংসে একটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

পাকিস্তানের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সুবহান। ৬ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট, সঙ্গে একটি মেডেন ওভার। হুজাইফা আহসান নেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ সায়েম, আহমেদ হুসেইন ও আলী রাজা নেন একটি করে উইকেট।

জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানের ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। ইকবাল হোসেন ইমনের অফস্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ওপেনার হামজা জহুর। তবে ওই এক উইকেটের পর আর তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ।

শেষ পর্যন্ত ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই ছন্দ হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। আর বৃষ্টিবিঘ্নিত দিনে সুযোগটা কাজে লাগিয়ে শিরোপার আরেক ধাপ কাছে পৌঁছে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

এমআই