বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি
খেলা ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ২২:৩৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে আইসিসি। বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ করার পর আয়োজনে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিপাকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনার সূত্রপাত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর। মোস্তাফিজকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় রোহিত-কোহলিদের বোর্ড। এরপর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ক্রিকেট অঙ্গনেও প্রভাব ফেলতে শুরু করে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবিকে ভেন্যু পরিবর্তনের উদ্যোগ নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানায়।
বিসিবির আবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। এই চার ম্যাচের কোনটাই ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ।
এদিকে বিসিবির অনুরোধ আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহের নির্দেশে আইসিসি নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে। তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু ও আবাসনের ব্যবস্থা করা যে সহজ হবে না, তা অনুমেয়।
সরকারি অবস্থান তুলে ধরে আসিফ নজরুল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের সম্মান নিয়ে কোনো আপস হবে না। তার মতে, কোনো ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি ভারতে খেলতে না পারেন, তাহলে সেখানে বিশ্বকাপে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকে।
সব অনিশ্চয়তার মাঝেই ক্রিকেটীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বিসিবি। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করা হয়েছে, অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস। এখন সব নজর আইসিসির সিদ্ধান্তের দিকে। সেখান থেকেই চূড়ান্ত ফয়সালা আসবে, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান কোথায় এবং কীভাবে শুরু হবে।
এমআই