ভেন্যু বাড়ানোর গল্প শুনিয়ে কমাল বিসিবি
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ভেন্যু বাড়ানোর গল্প শুনিয়েছিল বিসিবি। তিন ভেন্যুর পরিবর্তে চার ভেন্যুতে খেলা হওয়া নিয়ে আলোচনা কম হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে বগুড়া, রাজশাহী ও বরিশাল ছিল আলোচনায়। কিন্তু শেষ পর্যন্ত তিন ভেন্যু নিয়েই বিপিএল শুরু হয়েছিল। এবার বিপিএলের মাঝপথে কমলো ভেন্যুর সংখ্যা।
সিলেট পর্ব দিয়েই শুরু হয়েছিল চলতি বিপিএল। এরপর সিলেট থেকে চট্টগ্রামে স্থানান্তর হওয়ার কথা ছিল। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ স্থগিত করার পর আচমকা ভেন্যুও বদলাল বিসিবি। নতুন করে সূচি প্রকাশ চট্টগ্রাম পর্ব পুরোপুরি বাতিল করেছে বিসিবি। ফলে এবারের বিপিএলের উত্তাপ ছড়াবে কেবল সিলেট ও ঢাকাতেই।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই গড়াবে বিপিএলের ম্যাচ। এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মূলত ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খেলা দুই ভেন্যুতেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। চট্টগ্রামের দর্শক ও সেখানকার ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখিত।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা শেষে ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় দল। বাকি পুরো আসর অনুষ্ঠিত হবে মিরপুরেই। অবশ্য সিলেটে টানা ২৪ ম্যাচ অনুষ্ঠিত হলেও মিরপুরের সূচিতে বদল আসছে না।
এমআই