ফিফা বর্ষসেরায় মেসির ভোট পেলেন যারা
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৩
নিজে ছিলেন না সেরার দৌড়ে, তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের ভোটাধিকার ব্যবহার করেছেন লিওনেল মেসি। ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচনে আর্জেন্টিনার মহাতারকার প্রথম পছন্দ ছিলেন তার সাবেক পিএসজি সতীর্থ উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত সেই দেম্বেলেই জিতেছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ পুরস্কার।
মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল, আর তৃতীয় স্থানে ছিলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।
ফিফা বর্ষসেরা নির্বাচনে জাতীয় দলগুলোর অধিনায়ক, কোচ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তালিকা অনুযায়ী, মেসির দ্বিতীয় ভোটও গেছে আরেক সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের ঝুলিতে। আর তৃতীয় পছন্দ হিসেবে তিনি ভোট দিয়েছেন বার্সেলোনায় এখন তারই আইকনিক ১০ নম্বর জার্সি পরা লামিনে ইয়ামালকে। উল্লেখ্য, মেসি নিজে সর্বোচ্চ তিনবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ পুরস্কার জিতেছেন।
বাংলাদেশের দিকেও ছিল ভিন্ন চিত্র। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রথম পছন্দ ছিলেন পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। দ্বিতীয় ভোট পেয়েছেন দেম্বেলে, তৃতীয় ভোট ইয়ামাল। অন্যদিকে, বাংলাদেশ কোচ কাবরেরার প্রথম পছন্দ ছিলেন উসমান দেম্বেলে। এই কোচের দ্বিতীয়, তৃতীয় ভোট পেয়েছেন যথাক্রমে ইয়ামাল ও ভিতিনিয়া।
এমআই