Advertisement
Us Bangla Airlines
সিলেটে পেসার কমিয়ে বিপাকে বাংলাদেশ!

সিলেটে পেসার কমিয়ে বিপাকে বাংলাদেশ!

খেলা ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৮

কুয়াশাচ্ছন্ন সিলেট, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলোস্বল্পতা ও আর্দ্র কন্ডিশনে বাড়তি সুবিধা পাচ্ছেন পেসাররা। দিনের শুরুতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ বল হাতে যেভাবে সুইং ও সিম মুভমেন্ট আদায় করেছেন, তাতে পেসারদের জন্য সহায়ক পরিবেশ আরও দৃশ্যমান হয়েছে। কিন্তু এমন কন্ডিশনে বাংলাদেশের একাদশে পেসার মাত্র দুজন!

সিলেটের মাঠে সাধারণত তিন পেসার নিয়ে খেলে বাংলাদেশ। এবার অবশ্য সেই পথে হাঁটেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে ভালো করা নাইম হাসানকে একাদশে রাখার পাশাপাশি অভিজ্ঞ মিরাজ-তাইজুলকেও বাইরে রাখতে চাননি টিম ম্যানেজমেন্ট। তাতেই তিন পেসারের পরিবর্তে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

কিন্তু ম্যাচের শুরুতেই কন্ডিশনের আচরণ বুঝিয়ে দিয়েছে পেসারদের জন্য এই পিচ কতটা সহায়ক। শীত পুরোপুরি না এলেও সিলেটে রাতে কুয়াশা পড়ে। ফলে সকালে উইকেটে আর্দ্রতা থাকে। সেই সুবিধা কাজে লাগিয়ে নতুন বলে সুইং, সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্স আদায় করেছেন তাসকিন ও হাসান। দুই পেসারের বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে মাত্র দুজন পেসার দিয়ে কতক্ষণ এই চাপ ধরে রাখা সম্ভব? ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠা তাসকিনকে নিয়েও রয়েছে বাড়তি দুশ্চিন্তা। গোড়ালির চোট নিয়েই খেলছেন এই পেসার। প্রথম সেশনে টানা সাত ওভার বোলিং করে বিশ্রামে যেতে হয়েছে তাকে। অন্যদিকে হাসান মাহমুদও ছয় ওভারের স্পেল শেষে বিরতি নিয়েছেন।

দুই পেসার বিশ্রামে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আক্রমণে আনতে হয়েছে স্পিনারদের। অথচ একাদশে আরেকজন পেসার থাকলে আক্রমণে বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি উইকেট পাওয়ার সুযোগও তৈরি হতো। বিশেষ করে সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের আরও বেশি চাপে রাখা সম্ভব ছিল। সেটা আর হলো কই!

সিলেটের মতো পেস-সহায়ক কন্ডিশনে তিন পেসার না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তাই প্রশ্ন উঠছে। জানা গেছে, বাংলাদেশের একাদশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় পিচ কিউরেটরও। নিজেদের মাঠের কন্ডিশন বিবেচনায় একাদশ সাজানোর ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত, তা নিয়েও সামাজিক মাধ্যমে চলছে নানান সমালোচনা।

অবশ্য ম্যাচের এখনও অনেকটা পথ বাকি। পেসার কম নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে দিনের শুরুতেই স্পষ্ট হয়েছে, সিলেটের কন্ডিশনে তাসকিন-হাসানের ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশের একাদশ নির্বাচন।

এমআই