Advertisement
Us Bangla Airlines
সিলেট টেস্টের ব্যাটিং ইউনিটে আসছে রদবদল

সিলেট টেস্টের ব্যাটিং ইউনিটে আসছে রদবদল

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৫

ঢাকা টেস্টে হারের পর সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নামার আগে তাই ব্যাটিং অর্ডার নিয়ে চলছে নানা আলোচনা। কোন পরিকল্পনায় মাঠে নামবে স্বাগতিকরা, তা অবশ্য খোলাসা করেননি প্রধান কোচ ফিল সিমন্স। তবে তার কথায় স্পষ্ট, টপ অর্ডারে আসতে পারে পরিবর্তন।

তিন নম্বরে কে ব্যাট করবেন, এমন প্রশ্নে কৌশল গোপন রাখার কথা জানিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘ম্যাচে কী করতে চাই, সেসব পরিকল্পনা তো গোপন রাখতেই হয়! তাই কৌশলগুলো আগামীকাল পর্যন্ত গোপনই থাক। টপ অর্ডারে রদবদলের জোরালো সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে।’

এদিকে ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না লিটন দাস। তার অনুপস্থিতি নিয়ে অবশ্য উদ্বেগের কিছু দেখছেন না কোচ। সিমন্স জানান, কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেই বিশ্রামে চলে গেছেন লিটন। ম্যাচের আগের দিন তার প্রস্তুতির ধরন এমনই। তাই এটিকে আলাদা করে দেখার কিছু নেই।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ। সাম্প্রতিক সময়ে ক্যাচ মিসের প্রবণতা নিয়ে অসন্তুষ্টি থাকলেও দলের ফিল্ডিং সামর্থ্য নিয়ে আস্থা হারাননি তিনি। সিমন্স বলেন, ভালো ফিল্ডিং দলও কখনো কখনো অনেক ক্যাচ ফেলে। তবে এই পর্যায়ে এসে এত ক্যাচ মিস করা গ্রহণযোগ্য নয়। তার বিশ্বাস, সামনে এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।