Advertisement
Us Bangla Airlines
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে দলকে জেতালেন সাইফ

ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে দলকে জেতালেন সাইফ

খেলা ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ১৬:২৩

ব্যাট হাতে অপরাজিত ৪০ রান, বল হাতে মাত্র ১১ রান খরচায় দুই উইকেট। দুই বিভাগেই কার্যকর পারফরম্যান্সে জনকপুর বোল্টের জয়ের নায়ক বাংলাদেশের সাইফ হাসান। তার সঙ্গে ব্যাট হাতে মঈন আলীর ৫৮ রানের ইনিংসে ভর করে কাঠমান্ডু গোরখাসকে ৮ উইকেটে হারিয়েছে জনকপুর। জয়ের জন্য প্রয়োজনীয় ১১৬ রান তুলতে দলটির লেগেছে মাত্র ১৭ ওভার ২ বল।

পুরো টুর্নামেন্টের খেলা হচ্ছে একই মাঠে। ফলে সময়ের সঙ্গে উইকেট মন্থর হয়ে আসাটাই স্বাভাবিক। এমন উইকেটেই তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাইফ। পাওয়ার প্লেতে বোলিংয়ের অভিজ্ঞতা খুব একটা না থাকলেও প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি।

জাতীয় দলে পার্টটাইম বোলারের দায়িত্ব পালন করা সাইফ এনপিএলেও বল হাতে দেখিয়েছেন কার্যকারিতা। নিজের চার ওভারের পুরো কোটা শেষ করে মাত্র ১১ রান দিয়েছেন, শিকার করেছেন দুই উইকেট। প্রথম ওভারে আট রান খরচ করলেও পরের তিন ওভারে দিয়েছেন মাত্র তিন রান। ১২তম, ১৬তম ও ১৮তম ওভারে বোলিং করে প্রতিপক্ষের রান তোলার গতি আটকে রাখেন তিনি।

বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখার পর ব্যাট হাতেও দলের কঠিন সময়ে দায়িত্ব নেন সাইফ। ৩৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জনকপুর বোল্ট। মন্থর উইকেটে শুরুতে রান তুলতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তিনি। বলের অস্বাভাবিক বাঁক ও বাউন্স সামলে সুযোগ বুঝে হাঁকান বাউন্ডারি।

শেষ পর্যন্ত ৩৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন সাইফ। তার ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা। অন্য প্রান্তে মঈন আলী খেলেন ৫৮ রানের কার্যকর ইনিংস। দুজনের ব্যাটে ভর করেই সহজ জয়ের বন্দরে পৌঁছে যায় জনকপুর বোল্ট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১১৫ রানে অলআউট হয় কাঠমান্ডু গোরখাস। বাংলাদেশের আরেক ক্রিকেটার রিপন মণ্ডল খেলেছেন কাঠমান্ডু দলে। তিন ওভারে ১৭ রান খরচায় একটি উইকেট নিয়েছেন তিনি।

এমআই