Advertisement
Us Bangla Airlines
সাদমানকে অপেক্ষায় রেখে শেষ হলো দিনের খেলা

সাদমানকে অপেক্ষায় রেখে শেষ হলো দিনের খেলা

খেলা ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ১৭:২৮

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে সাদমান ইসলাম। মিরপুর টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই ওপেনার। তবে কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা পাওয়ার আগেই থেমে গেছে খেলা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে প্রথম দিনের লড়াই। ফলে ৯৯ রান নিয়ে কাল মাঠে নামবেন সাদমান ইসলাম।

প্রথম দিনের চা বিরতির পর ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ক্রিজে ছিলেন সাদমান ও তাওহীদ হৃদয়। দুজনই সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছিলেন দলের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে সাদমান এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে, অন্য প্রান্তে হৃদয়ও দিচ্ছিলেন কার্যকর সঙ্গ।

তবে ভালো খেলতে থাকা হৃদয়কে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় শারীরিক সমস্যার কারণে। ক্র্যাম্পে আক্রান্ত হয়ে ৮৪ বলে ৪২ রান করার পর রিটায়ার্ড হার্ট হন তিনি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। পরে ড্রেসিংরুমে তার জন্য আইস বাথের ব্যবস্থা করা হয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন লিটন কুমার দাস। নতুন ব্যাটারকে সঙ্গে নিয়ে সাদমান এগিয়ে যেতে থাকেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। লিটনও ধীরস্থির ব্যাটিংয়ে সঙ্গ দিচ্ছিলেন তাকে। কিন্তু ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় মিরপুরের আলো। আলোকস্বল্পতার কারণে প্রথমবার খেলা বন্ধ হয়।

কিছুক্ষণ পর আবার মাঠে ফিরলেও বেশিক্ষণ খেলা চালানো সম্ভব হয়নি। একই কারণে দ্বিতীয়বার বন্ধ হয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা যায়নি প্রথম দিনে। দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। ৯৯ রান নিয়ে অপরাজিত সাদমান। লিটন দাসের সংগ্রহ ২৮ বলে ১০ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিকান। অন্য উইকেটটি পেয়েছেন জেডন সিলস।