Advertisement
Us Bangla Airlines
ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

খেলা ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ১৩:৩০

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডমেস্টিক থ্রি বা ডি থ্রি টুর্নামেন্ট। আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এই প্রতিযোগিতায় দলগুলোর স্কোয়াডে আরও একজন করে ক্রিকেটার নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিলামে দল না পাওয়া কয়েকজন ক্রিকেটারের সামনে নতুন করে সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

গত ২৬ অক্টোবর তিন বছরের জন্য অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির নিলাম। পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার। সেখান থেকে ছয়টি দল ২২ জন করে খেলোয়াড় দলে ভেড়ায়। তবে নিলামের তালিকায় নাম থাকলেও বেশ কয়েকজন সম্ভাবনাময় ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটার দল পাননি।

তাদের মধ্যে রয়েছেন তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি ও আশরাফুল হাসান রিহাদ। দল পাননি ঘরোয়া ক্রিকেটে রান করা মিম মোসাদ্দেকও। এ ছাড়া এনসিএলে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার নাঈম আহমেদও কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি।

ইনজুরির কারণে নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন রোহানতদৌলা বর্ষণ, রবিউল হক ও তানজিম সাকিব। পাশাপাশি প্রিতম কুমার ও আব্দুল্লাহ আল মামুনের নামও নেই কোনো দলের স্কোয়াডে।

এবার দলগুলোর জন্য একজন করে অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় নতুন করে নড়েচড়ে বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে ব্লু স্টার্স দলে নিয়েছে ওয়াসি সিদ্দিকীকে। অন্যদিকে তানজিম সাকিবকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে একমি, সিটিজেনস ব্যাংক ও ফরচুন গ্রুপ। ওয়ালটন দলে ভিড়িয়েছে সানজামুল ইসলাম। সেভেন রিংসের লক্ষ্য একজন তরুণ পেসারকে দলে নেওয়া।

নতুন এই সুযোগে দল না পাওয়া ক্রিকেটারদের কারও কারও ভাগ্য খুলতে পারে। ডিসেম্বরে পর্দা উঠতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের আগে দলগুলোর চূড়ান্ত স্কোয়াডে আর কারা জায়গা করে নেন, এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।