এনপিএলে খেলতে যাচ্ছেন আরও ৩ বাংলাদেশি
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ২০:২৫
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি আরও বাড়ছে। টুর্নামেন্টের মাঝপথে নতুন করে তিন বাংলাদেশিকে দলে ভেড়ানোর পথে ফ্র্যাঞ্চাইজিগুলো। পেসার রিপন মণ্ডলের সঙ্গে নেপালের লিগে খেলতে যাচ্ছেন ব্যাটার সাইফ হাসান ও পারভেজ ইমন। তাদের মধ্যে রিপনের দল কাঠমান্ডু গোরখাস নিশ্চিত হলেও সাইফ ও ইমন কোন দলের হয়ে খেলবেন, তা এখনো জানা যায়নি।
এনপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ছাড়পত্র বা অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ছাড়পত্রের বিনিময়ে অর্থ দাবি করার বিষয়টিও আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটার সংগ্রহে বিকল্প খুঁজছে নেপালের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়ছে তাদের।
ইতোমধ্যে লাল বলের ক্রিকেটে খেলেন না, এমন ৭ বাংলাদেশি ক্রিকেটার নেপাল প্রিমিয়ার লিগে খেলতে গেছেন। এবার নতুন করে আরও তিনজন যুক্ত হলে প্রতিযোগিতাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হবে। সবমিলিয়ে বিদেশি লিগটিতে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।
এনপিএলে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। একই দলে রয়েছেন বাংলাদেশের আরও দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। এই ফ্র্যাঞ্চাইজিতে স্পিনার রুবেলের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তার চুক্তি বাতিল হয়েছে।
অন্যদিকে কর্নালি ইয়াকসের হয়ে খেলছেন আকবর আলী ও আরিফুল ইসলাম। বিরাটনগর কিংসের জার্সিতে মাঠে নামার কথা জিসান আলমের। আর গতকালই এনপিএলে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারীর। নতুন করে রিপন, সাইফ ও ইমন যুক্ত হলে নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশিদের উপস্থিতি আরও চোখে পড়ার মতো হবে।
এমআই