টেস্টে আরও ২০-৩০ শতাংশ উন্নতি করতে চান শান্ত
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৭:০৮
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বদলে যাওয়া চিত্রটা এখন আর শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নেই, দলের ভাবনাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। সাদা পোশাকের ক্রিকেটে একের পর এক সাফল্যে বেড়েছে আত্মবিশ্বাস, সমর্থকদের আগ্রহও। তবে এই অর্জনেই থেমে থাকতে চান না টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং বর্তমান অবস্থান থেকে আরও ২০ থেকে ৩০ শতাংশ উন্নতি করে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে চান তিনি।
২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আবুধাবি টেস্ট পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সাতটিতে জয়, দুটি ড্র এবং চারটিতে হার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, টেস্টে সাম্প্রতিক সময়ে কতটা বদলেছে বাংলাদেশের অবস্থান। এর মধ্যে গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া জয় বিশেষভাবে স্মরণীয়। তার আগে মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি।
টেস্ট ঘিরে মানুষের বাড়তি আগ্রহকে দলের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, এখন যে অবস্থানে আছি এখান থেকে আরও ২০-৩০ শতাংশ উন্নতি করতে। সেটি করতে পারলে আমাদের দেশের জন্য ভালো, বাংলাদেশ দল যে অবস্থানে আছে, সেখান থেকে আরেকটু ভালো অবস্থানে যাবে।’
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে শান্ত বলেন, ‘ডারউইন টেস্ট জয়ের পরে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে, এটা খুব স্বাভাবিক। তবে তার আগে থেকেই খেলোয়াড়দের মধ্যে এই সংস্করণে ভালো করার আগ্রহ তৈরি হয়েছে। ডারউইন টেস্ট জয়ের পর সেটা আরও বেড়েছে। পাশাপাশি টেস্ট ম্যাচ কখন আসবে, কখন আমরা টেস্ট খেলব, এই ব্যাপারটাও খেলোয়াড়দের মধ্যে অনেক বেড়েছে।’
শান্তর মতে, উন্নতির যথেষ্ট সুযোগ এখনো রয়েছে। অধিনায়ক বলেন, ‘এটা ধরে রাখতে হবে, অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি, তবে আমরা খেলোয়াড়েরা এখনো সন্তুষ্ট নই। আমাদের মনে হয় এখান থেকে আরও উন্নতির সুযোগ আছে। কাজেই খেলোয়াড়দের পা মাটিতেই আছে। আরও কীভাবে ভালো করা যায়, তা নিয়েই আমরা ড্রেসিংরুমে কথা বলি। এটা একটা ইতিবাচক দিক।’
এমআই