ম্যাচের আগের দিন মুশফিককে নিয়ে দুঃসংবাদ
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৩:১৭
টেস্ট সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা। ম্যাচের আগের দিনের অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মুশফিককে ঘিরে এই শঙ্কা প্রথম ম্যাচের আগে বাড়তি ভাবনায় ফেলেছে বাংলাদেশ দলকে।
আগামীকাল ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের প্রস্তুতিতে শেষ মুহূর্তের ঝালাই চলছিল মিরপুরে। নিজের ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলেন মুশফিকও। আলাদা নেটে অনুশীলনের সময় আচমকাই নেট বোলারের একটি বাউন্সার এসে আঘাত হানে তার আঙুলে। মুহূর্তেই থেমে যায় ব্যাটিং অনুশীলন।
আঘাত পাওয়ার পর ব্যথায় নেটের পাশেই বসে পড়েন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। পরে নেট ছেড়ে বেরিয়ে চেয়ারে বসলে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম তার শুশ্রূষা শুরু করেন। দীর্ঘ সময় তাকে ব্যথায় কাতরাতেও দেখা যায়। এরপর আর ব্যাট হাতে নেটে ফেরেননি মুশফিক।
একাডেমি মাঠে প্রায় ২০ মিনিট চিকিৎসা নেওয়ার পর ড্রেসিংরুমে ফিরে যান তিনি। তবে আঙুলের চোটের প্রকৃত অবস্থা কিংবা ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতে হবে। সে ক্ষেত্রে মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তাওহীদ হৃদয়। মাত্র একটি টেস্ট খেলা এই ব্যাটার সম্প্রতি ৩৫০ রানের দীর্ঘ ইনিংস খেলে আলোচনায় এসেছেন।
আগামীকাল ২৮ অক্টোবর সকাল ১০টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে। ম্যাচের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সময়মতো সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন তো মুশফিক?
অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে উত্তর দিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘মুশফিক ভাই খেলতে পারবেন না এমন কোনো তথ্য নেই। তবে লিটনকে নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নই। ফিজিও থেকে ইতিবাচক সিদ্ধান্ত পেলেই সে খেলতে পারবে।’
এমআই