Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশে দল পেলেন আরেক বাংলাদেশি

বিগ ব্যাশে দল পেলেন আরেক বাংলাদেশি

খেলা ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ১৭:২২

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামার প্রস্তাব পেয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পুরো মৌসুমেই অস্ট্রেলিয়ার এই ঘরোয়া লিগে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টারকে।

গতকাল বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বাঁহাতি এই পেসারকে ছাড়পত্র দিচ্ছে বিসিবি। ফলে বোর্ডের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হচ্ছে না তার।

এদিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে ডি থ্রি ট্রফির নিলাম। সেখানে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যে অনেকে কোটির বেশি পয়েন্ট পেলেও মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মূল্য রয়েছে কোটির নিচে। তবে এর পেছনে রয়েছে ভিন্ন বাস্তবতা। কারণ তারা উভয়ই বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন।

বিগ ব্যাশে এবারও খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে পুরো মৌসুম কাটানোর কথা রয়েছে তার। সে কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না এই ডানহাতি স্পিনারকেও। রিশাদের পর এবার খেলার প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবার বিগ ব্যাশে যাচ্ছেন তিনি।

এমআই