হঠাৎ কোচিং পদ হারিয়ে আশরাফুল বললেন ‘অবিচার হয়নি’
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ২০:১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব হারিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। হঠাৎ দায়িত্ব হারালেও এ নিয়ে কোনো আক্ষেপ বা ক্ষোভ দেখাননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বরং তাঁর দাবি, বিসিবির সিদ্ধান্তে তাঁর সঙ্গে কোনো অবিচার করা হয়নি।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল জানান, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি তিনি আগের দিনই জানতে পেরেছেন। তিনি বলেন, ‘গতকালই জানলাম। মাগরিবের পর শুনলাম জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরের তিন মাস যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন জানানো হবে।’
দায়িত্ব হারানোকে স্বাভাবিকভাবেই দেখছেন আশরাফুল। তার মতে, চুক্তির শর্ত অনুযায়ী বিসিবি চাইলে তাঁকে অন্য দায়িত্বেও কাজে লাগাতে পারে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে।’
কোচদের চুক্তির ধরন ব্যাখ্যা করে আশরাফুল আরও বলেন, বোর্ড চাইলে তাঁদের অন্য কোনো দায়িত্বে নিয়োগ দিতে পারে। এটি বিসিবির এখতিয়ারভুক্ত।
২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন আশরাফুল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জাতীয় দল থেকে সরিয়ে দিয়েছে বিসিবি।