বাংলাদেশের মতো এমন রেকর্ড নেই আর কারো!
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৮
টেস্ট ক্রিকেটে উন্নতির গল্প আছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার স্বপ্নও আছে। কিন্তু সেই অগ্রযাত্রার আড়ালেই রয়ে গেছে এক বিব্রতকর পরিসংখ্যান। একুশ শতকে বিশ্বের আর কোনো দল বাংলাদেশের মতো এতবার ইনিংস ব্যবধানে হারেনি। সাদা পোশাকের ক্রিকেটে প্রতি তিন ম্যাচে প্রায় একবার ইনিংস ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশের বর্তমান পছন্দের ফরম্যাট কোনটি, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থান নিঃসন্দেহে আশার আলো দেখায়। কয়েক বছর আগেও সাদা পোশাকের ক্রিকেটে এমন অবস্থান ছিল অনেকের কল্পনার বাইরে। কিন্তু র্যাঙ্কিংয়ের এই অগ্রগতির পাশাপাশি ইনিংস ব্যবধানে হারের পরিসংখ্যানও সামনে আনছে কঠিন বাস্তবতা।
সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দুই ম্যাচেই জিততে পারলে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে শান্তর দলের। তবে প্রতিপক্ষের বিপক্ষে অতীতের জয়-পরাজয়ের হিসাবও দুশ্চিন্তার কারণ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ১৫ টেস্টে। এর মধ্যে তিনটি হার ইনিংস ব্যবধানে। তবে শুধু ক্যারিবীয়দের বিপক্ষেই নয়, ইনিংস ব্যবধানে পরাজয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের দীর্ঘদিনের সঙ্গী। ২০০০ সালের ১ জানুয়ারি থেকে হিসাব করলে এই শতকে এখন পর্যন্ত ৪৯ বার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এই তালিকায় বাংলাদেশের পরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা একুশ শতকে ২৪২টি টেস্ট খেলে ২৮ বার ইনিংস ব্যবধানে হেরেছে। সংখ্যাটি বাংলাদেশের তুলনায় অনেক কম। কাকতালীয়ভাবে, ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই মিরপুরেই আবার মুখোমুখি হবে দুই দল।
তালিকার পরের অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই দলই ইনিংস ব্যবধানে হেরেছে ২৭ বার করে। তবে ম্যাচসংখ্যার হিসাবে তাদের ব্যবধান বড়। ইংল্যান্ড ৩৩৬টি টেস্ট খেলে এই পরাজয়ের মুখ দেখেছে ২৭ বার। অন্যদিকে মাত্র ৯১টি টেস্ট খেলেই সমানসংখ্যক ইনিংস ব্যবধানে হার দেখেছে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কা ২৩৫ টেস্টে ২৫ বার, পাকিস্তান ২১৩ টেস্টে ১৯ বার এবং ভারত ২৭১ টেস্টে ১৬ বার ইনিংস ব্যবধানে হেরেছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে ২১১ টেস্টে এই সংখ্যা ১২, আর দক্ষিণ আফ্রিকার ২৪৩ টেস্টে ১১। নবীন দল আফগানিস্তান ১৪ টেস্টে চারবার এবং আয়ারল্যান্ড ১৩ টেস্টে তিনবার ইনিংস ব্যবধানে হেরেছে।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সেও এই দুর্বলতার ছাপ রয়েছে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে দলকে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষেও প্রায় দুই দশক পর একই পরিণতি বরণ করতে হয়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুধু জয় তুলে নেওয়াই নয়, বরং ইনিংস ব্যবধানে হার এড়ানোর চ্যালেঞ্জও থাকছে।
এমআই