৩৬৩ রানের জুটিতে ইতিহাস গড়লেন নাইম-অঙ্কন
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৩
দুই ব্যাটারের জুটিতেই বদলে গেল রেকর্ডের হিসাব। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়লেন ঢাকার মোহাম্মদ নাইম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেছেন ৩৬৩ রান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এই উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
রাজশাহীর বোলারদের দীর্ঘ সময় ধরে শাসন করেছেন নাইম ও অঙ্কন। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়েছে ঢাকা। নাইম পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, আর অঙ্কন খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংস। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দুজন মিলে ভেঙেছেন এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ড।
এর আগে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল অলক কাপালি ও রাজিন সালেহর। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে ৩৪৮ রান যোগ করেছিলেন তারা। এবার সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেল নাইম-অঙ্কনের জুটি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় সেশনে একসঙ্গে ব্যাটিংয়ে নামেন নাইম ও অঙ্কন। ঢাকার স্কোর তখন ৩ উইকেটে ৮৮। সেখান থেকে ধৈর্য আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে রাজশাহীর বোলারদের হতাশ করেন দুজন। প্রথম দিন শেষে নাইম অপরাজিত ছিলেন ১৭৬ রানে, অঙ্কনের সংগ্রহ ছিল ৮৪।
রোববারও ব্যাট হাতে একই ধারাবাহিকতা ধরে রাখেন তারা। মধ্যাহ্নবিরতির আগেই জুটিতে যোগ করেন আরও ৯৭ রান। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আগের সর্বোচ্চ ১২২ রান ছাড়িয়ে যান অঙ্কন। অন্য প্রান্তে নাইমও পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। চলতি এনসিএলে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
বিরতির পর রান তোলার গতি আরও বাড়ান দুজন। মাত্র ১০ ওভারে আসে ৫৫ রান। শফিকুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে জুটির রান সাড়ে তিনশ পার করেন নাইম। একই ওভারে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান অঙ্কন। তবে রেকর্ড জুটির সমাপ্তি ঘটে পরের ওভারেই।
এসএম মেহেরব হাসানের ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে ব্যাটের ওপরের অংশে সংযোগ পান অঙ্কন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ নেন শফিকুল ইসলাম। তাতেই শেষ হয় ৫৩৪ বলের ম্যারাথন জুটি। ২৮৯ বলে ১৪ চার ও ৮ ছক্কায় ১৬৫ রান করেন অঙ্কন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারসেরা ইনিংস।