না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক
খেলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৯:২৪
রাজশাহীর ক্রীড়াঙ্গনে চার দশকেরও বেশি সময়ের পথচলার অবসান। দেশের ক্রিকেট প্রশাসন ও ক্রীড়া সংগঠনে দীর্ঘদিন অবদান রাখা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মাহমুদ জামালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর ক্রীড়াঙ্গনে। দীর্ঘ কর্মজীবনে আঞ্চলিক পর্যায়ে খেলাধুলার প্রসার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রশাসন, বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন অবদান। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গেও যুক্ত ছিলেন। সংস্থাটির নির্বাহী সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। ক্রিকেট প্রশাসনেও ছিল তার সক্রিয় ভূমিকা। ২০০৫ সালে প্রথমবার বিসিবি পরিচালক নির্বাচিত হন মাহমুদ জামাল। তিন বছর পর, ২০০৮ সালেও একই দায়িত্বে নির্বাচিত হয়ে দেশের ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।
তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। রাজশাহীর ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সংগঠক হিসেবে অবদানের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন মাহমুদ জামাল। তার মৃত্যুতে সেই দীর্ঘ পথচলার অবসান হলো।