নাহিদকে ছাড়াই বছর শেষ করবে বাংলাদেশ?
খেলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৩:২০
চোটের সঙ্গে লড়াইটা দীর্ঘ হচ্ছে নাহিদ রানার। পুনর্বাসন করতে গিয়ে নতুন করে চোট পাওয়ায় মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে বাংলাদেশের এই গতি তারকার। সবকিছু মিলিয়ে চলতি বছরে আর তার মাঠে নামার সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলতে পারবেন না এই পেসার।
দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নাহিদ। গত মাসের শেষ দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পুনর্বাসন চলাকালে আবারও চোট পান তিনি। এরপর চিকিৎসার জন্য দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় যান এই পেসার। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেওয়ার পর শুরু করেছেন ১০ দিনের পুনর্বাসন কার্যক্রম।
বিসিবি সূত্রে জানা গেছে, চোট খুব গুরুতর না হলেও দ্রুত মাঠে ফেরার সুযোগ নেই নাহিদের। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আরও তিন থেকে চার সপ্তাহ নিজের কাজের চাপ ও বোলিংয়ের ধকল সামলানোর দিকে মনোযোগ দিতে হবে তাকে। ফলে চলতি বছরের বাকি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত শেষ।

নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণের জন্য বড় ধাক্কা। তবে তাকে নিয়ে আক্ষেপে আটকে থাকতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বরং দলের অন্য পেসারদের পারফরম্যান্সেই ভরসা খুঁজছেন তিনি। তাসকিন, হাসান, এবাদত ও শরিফুল ইসলামের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক।
তিনি বলেন, ‘নাহিদ রানাকে না পাওয়া অনেক বড় ধাক্কা। ইনজুরি নিয়ে তো কিছু করার নেই। তবে নাহিদ রানা ছাড়াও যারা খেলছেন, বাকি ফাস্ট বোলাররা সবাই খুব ভালো করছেন। হাসান, এবাদত ও শরিফুল আগের টেস্টে ছয় উইকেট পেয়েছেন। আমার মনে হয়, আমাদের ফাস্ট বোলিং বিভাগ যথেষ্ট ভালো।’
তবে নাহিদকে না পাওয়ার আক্ষেপ লুকালেন না প্রধান নির্বাচক। বাশার আরও বলেন, ‘নাহিদ রানাকে না পাওয়া অনেক বড় সেটব্যাক। সে দলে থাকলে এক্স ফ্যাক্টর থাকে। তবে যেহেতু চোট আছে সেখানে অত চিন্তা করছি না, দলে যারা আছেন তাদের নিয়েই ভাবছি।’
এমআই