৩৩ বলে ০ রান, অজি ওপেনারের এ কেমন ব্যাটিং!
খেলা ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৯:২০
ফিরতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশক। সেই প্রত্যাবর্তন ঘিরে ছিল আলোচনা, বিতর্ক, প্রত্যাশা। কিন্তু ব্যাট হাতে নিক ম্যাডিনসন যা করলেন, তাতে প্রশ্ন উঠতেই পারে, এত দিন পর ফিরলেন কি এমন ইনিংস খেলতে! ৩৩ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারলেন না অস্ট্রেলিয়ার এই ওপেনার। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যর্থতার পাশাপাশি গড়েছেন বিব্রতকর এক রেকর্ডও।
শুক্রবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং উদ্বোধন করেন ম্যাডিনসন। ইনিংসের একাদশ ওভারে মার্কো ইয়ানসেনের বলে থামে তার অপেক্ষা। অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান। ৩৩ বলের ধৈর্যশীল, কিন্তু পুরোপুরি রানশূন্য ইনিংস শেষ হয় শূন্যতেই।
পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার আগে এত বল খেলেননি আর কোনো ওপেনার। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ওপেনারদের মধ্যে এমন ইনিংসের তালিকায় ম্যাডিনসনের অবস্থান তৃতীয়। একবিংশ শতাব্দীর ওপেনারদের মধ্যে এই বিব্রতকর রেকর্ডে সবার ওপরে তিনি।
ম্যাডিনসনকে ঘিরে বিতর্ক অবশ্য মাঠে নামার আগেই শুরু হয়েছিল। ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস চোটে পড়ায় বিকল্প খেলোয়াড় হিসেবে তাকে ও স্যাম হার্পারকে দলে ডাকে অস্ট্রেলিয়া। অথচ দুজনের সাম্প্রতিক প্রস্তুতিতে ছিল বড় পার্থক্য। হার্পার গত মাসেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন, করেছেন সেঞ্চুরি। বিপরীতে, ক্যান্সার জয় করা ম্যাডিনসন গত ১৯ মাস প্রথম শ্রেণির ক্রিকেটের বাইরে ছিলেন।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে সর্বশেষ মৌসুমেও শেফিল্ড শিল্ডে ম্যাডিনসনের ব্যাটিং গড় ছিল মাত্র ১৭.৮০। এমন পরিসংখ্যানের পর তাঁর প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেয়। নির্বাচকদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন দলের সাবেক ওপেনার ম্যাথু হেইডেনও।
দল নির্বাচনে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের জন্য অস্ট্রেলিয়ার আলাদা সুনাম রয়েছে। সেই দলের এমন সিদ্ধান্ত তাই বাড়তি বিস্ময় তৈরি করে। শুধু স্কোয়াডে জায়গা দেওয়াই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশেও ম্যাডিনসনকে রাখে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সুযোগ পেয়েও ব্যাট হাতে সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না তিনি।
এমআই