Advertisement
Us Bangla Airlines
১৯ ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার

১৯ ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার

খেলা ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৫

টি-টোয়েন্টিতে এক ইনিংসে ১৯ ছক্কা! ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি ওপেনার প্রিয়ানশ আরিয়া। ৬৮ বলে ১৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার। তার ব্যাটে ভর করে তামিলনাড়ুর বিপক্ষে ৫ উইকেটে ২৭৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে দিল্লি।

মঙ্গলবার সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে ৭টি চার ও ১৯টি ছক্কায় সাজানো ছিল প্রিয়ানশের ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার দখলে। এর আগে ২০২৫ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকোর হয়ে ৫১ বলে ১৫১ রান করার পথে ১৯ ছক্কা মেরেছিলেন ফিন অ্যালেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় ওপেনার।

শুধু ছক্কার রেকর্ডই নয়, ব্যক্তিগত রানেও ইতিহাসের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন প্রিয়ানশ। ১৮১ রানের ইনিংসটি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অল্পের জন্য বিশ্বরেকর্ডটি অবশ্য নিজের করে নিতে পারেননি ২৫ বছর বয়সী এই ব্যাটার। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তার রান ছিল ১৮১।

এই রেকর্ডের শীর্ষে এখনো রয়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান ডি প্রিটোরিয়াস। গত মাসে সিএসএ প্রো২০ কাপে ৭৯ বলে ১৫ চার ও ১৩ ছক্কায় অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

প্রিটোরিয়াসের আগে দীর্ঘ ১৩ বছরের বেশি সময় এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। সেই ইনিংসে ছিল ১৩টি চার ও ১৭টি ছক্কা।