৪ ব্যাটার ও এক পেসারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা
খেলা ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৯:২১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। প্রথমবারের মতো ওয়ানডে দলকে পূর্ণাঙ্গ দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি। লিটন ছাড়াও ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখ, ইয়াসির আলী ও জাকের আলী।
ডিপিএলে ভালো করায় হয়তো ওয়ানডে দলে নাইমকে বিবেচনা করেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা ও বাংলাদেশ ‘এ’ দলের পারফর্ম করায় ডাক পেয়েছেন ইয়াসির আলী। ফিনিশার রোলে জাকের আলীর ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ফলে তাকেও ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে।
হাসান মাহমুদ চোটে পড়ায় পেস ইউনিটে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ। এছাড়া এ বিভাগের দায়িত্ব সামলাবেন নিয়মিত মুখ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে ডানহাতি মেহেদী মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি তানভীর। এছাড়া লেগ স্পিনার রিশাদকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে।
সর্বশেষ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও সাইফ হাসান। এছাড়া বোলিং অ্যাকশন নিয়ে বিভ্রান্তি থাকায় এ সিরিজের দলে নেই স্পিনার আলিস আল ইসলাম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। প্রথম ম্যাচ ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। ৪ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে গেবেখার সেন্ট জর্জেস পার্কে এবং ৭ ডিসেম্বর শেষ ম্যাচ কেপটাউনের নিউল্যান্ডসে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এমআই