ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি রেফারির বড় ভুল
খেলা ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৩:১৮
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইয়ের বাইরে আলোচনায় বাংলাদেশি ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল। টসের ফল ঘোষণা করতে গিয়ে এমন এক ভুল করেছেন, যা চোখ এড়ায়নি দুই দলের অধিনায়কেরও। ৩৬৫ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই কর্মকর্তার ভুলে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি।
ঘটনাটি টসের সময়। ভারতের অধিনায়ক তিলক বর্মা কয়েন শূন্যে ছুড়ে দেন। পাকিস্তানের অধিনায়ক আবদুল সামাদ ডাক দেন হেড। কিন্তু কয়েন মাটিতে পড়ার পর রাহুল ঘোষণা করেন টেইল। সঙ্গে সঙ্গে আপত্তি জানান পাকিস্তানি দলপতি সামাদ। তার দাবি, কয়েনের ওপরের দিকে ছিল হেড।
বিষয়টি নিশ্চিত হতে দুই অধিনায়কই কয়েনের দিকে ঝুঁকে দেখেন। তখন স্পষ্ট হয়, সামাদের দাবিই সঠিক। কয়েনের ওপর ছিল হেড। অর্থাৎ টসের ফল ঘোষণা করতে গিয়ে ভুল করেছিলেন রাহুল। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রেফারি রাহুলের ভুল নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেন, ‘সিস্টেম মতো টস হয়নি। রেফারির কাছ থেকে ভুল হয়ে গেছে, আমরা মেনে নিয়েছি ভাই, আপনারা চিন্তা করবেন না। আমরা মেনে নিয়েছি যে ভুলটা রেফারির দিক থেকেই ছিল, এর মধ্যে অন্য কোনো ব্যাপার ছিল না।’
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। শুষ্ক পিচে প্রথম ইনিংসে ৩১৩ রান তোলে তারা। জবাবে ভারত ‘এ’ দল লড়াই করলেও ২৬৫ রানের বেশি এগোতে পারেনি। ৪৮ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জয় পাকিস্তানের জন্য বড় ভূমিকা রেখেছিল।
এমআই