১৩ সেঞ্চুরি করা মুমিনুলকে নিয়ে যা বললেন প্রধান কোচ
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২০:৩০
ব্যাট হাতে একসময় নিয়মিতই রান পাচ্ছিলেন মুমিনুল হক। কিন্তু সেই ছন্দ এখন হারিয়ে গেছে। সবশেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি। সর্বশেষ সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হচ্ছে দুই বছরেরও বেশি সময়। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুরে শতক হাঁকানোর পর ৩৪ ইনিংস পার করেছেন, কিন্তু তিন অঙ্কের দেখা পাননি এই বাঁহাতি ব্যাটার।
এই সময়ে ৮০ রানের বেশি করতে পেরেছেন মাত্র চার ইনিংসে। মাঝে কয়েকটি ফিফটি পেলেও সেগুলোকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও ব্যাট হাতে হতাশ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এমন পরিস্থিতিতে মুমিনুলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে তার ব্যাটিং গড় মাত্র ১০।
সেঞ্চুরিয়ন টেস্টের আগে তাই মুমিনুলকে নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই উঠেছে। প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য এখনই অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাতে রাজি নন। মুমিনুলের প্রসঙ্গ উঠতেই তার ১৩টি টেস্ট সেঞ্চুরির কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও অনুশীলনে মুমিনুলের পরিশ্রম ও ফর্মে ফেরার তাগিদকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
সিমন্স বলেছেন, ‘মুমিনুল সিনিয়র প্লেয়ার। ১৩টি সেঞ্চুরি আছে। এ থেকেই বোঝা যায় ও কী। হ্যাঁ, ইদানীং রান করছে না। তবে সে কঠোর পরিশ্রম করছে। ফর্মে ফিরতে মুমিনুল মরিয়া। মাঝে মাঝে খেলোয়াড়দের ব্যাক করতে হবে লম্বা সময় ধরে। আজ আমরা বসে একাদশ নিয়ে আলোচনা করব।’
কোচের এই বক্তব্যে মুমিনুলের প্রতি আস্থার ইঙ্গিত মিলেছে। তবে সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে তার জায়গা থাকবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সিমন্স জানিয়েছেন, একাদশ নিয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোচ রহস্য রাখলেও মুশফিক না থাকায় মুমিনুলকে নিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ দল।