শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৭:৪৩
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার ডেন প্যাটারসন। তাদের জায়গায় দলে এসেছেন টনি ডি জর্জি ও আনরিখ নর্কিয়া। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
রোববার সেঞ্চুরিয়ন টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টে ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে ব্যাটিং ছেড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে ফিরে এসে ৬৮ রানে অপরাজিত থাকেন এই প্রোটিয়া অধিনায়ক। তবে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি তার।
বাভুমার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। অন্যদিকে পেস আক্রমণে ডেন প্যাটারসনের বদলে ফিরেছেন আনরিখ নর্কিয়া।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি ম্যাচ খেলেই আবার চোটে পড়েন এই গতিতারকা। এবার পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে আবারও দলে ফিরলেন তিনি।
এদিকে চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশও। ফলে সফরকারীদের একাদশেও পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর), সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
এই মাঠে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়। ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে এখানে একমাত্র টেস্ট খেলতে নেমে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সেই মাঠেই সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে।
দক্ষিণ আফ্রিকা একাদশ
মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।