Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিপক্ষে ২ দল ঘোষণা করল  দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে ২ দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৭:১০

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন দুইটি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। অন্যদিকে টি-টুয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন বিয়র্ন ফরটুইন। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্করামকে বিশ্রাম দেওয়ায় নেতৃত্বে এসেছে পরিবর্তন।

ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আবার মাঠে ফিরবেন এই পেসার। তার সঙ্গে প্রোটিয়া পেস আক্রমণে রয়েছেন আনরিখ নর্কিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়েনা।

ব্যাটিং বিভাগে দক্ষিণ আফ্রিকার ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার সিনেথেম্বা কেশিলেও। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার।

টি-টোয়েন্টি দলেও একাধিক পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করামকে বিশ্রাম দেওয়ায় নেতৃত্ব দেবেন ফরটুইন। চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা।

সাদা বলের দুই সিরিজের জন্য টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা। তবে ওয়ানডে দলে রাখা হয়েছে নর্কিয়া, বশ ও টনি ডি জর্জিকে। তাদের মধ্যে বশ ও ডি জর্জি প্রথম টেস্টে খেলেননি। নর্কিয়ার দ্বিতীয় টেস্টে খেলার মতো ফিট হয়ে ওঠার কথা। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার।

বাভুমা ও মার্করাম ছাড়াও সাদা বলের দুই সিরিজে থাকছেন না ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। ইংল্যান্ডের বিপক্ষে সামনে আরও তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের প্রস্তুতি ও বিশ্রামের কথা বিবেচনায় রেখেই তাদের বাইরে রাখা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল
কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল
বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।