জিম্বাবুয়ের চেয়ে সাড়ে ৩ গুণ বেশি নো বল বাংলাদেশের!
খেলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৮:০১
নো বলের মাশুল হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারের পেছনে নো বলকে অন্যতম কারণ হিসেবে দেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে বাংলাদেশের তিন পেসারই নো বল করে উইকেট পেয়েও তা ধরে রাখতে পারেননি। দ্বিতীয় ইনিংসে নো বলের কারণে উইকেট হাতছাড়া হয়েছে তাসকিন আহমেদের। ফাইফার মিস করেছেন হাসান মাহমুদ। চতুর্থ ইনিংসে বোল্ড করেও উইকেট পাননি এবাদত হোসেন।
তবে নো বলের এই সমস্যা শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের এমন ভুলের সংখ্যা বেশ উদ্বেগজনক। তিন ফরম্যাট মিলিয়ে ৩৩ ম্যাচে ৬৬টি নো বল করেছেন তারা। বিপরীতে ৩২ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বোলারদের নো বল মাত্র ১৯টি। অর্থাৎ প্রায় সমান ম্যাচ খেলেও বাংলাদেশের নো বলের সংখ্যা জিম্বাবুয়ের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও খারাপ। চলতি বছর ৯ টেস্টে ৫৬টি নো বল করেছেন বাংলাদেশের বোলাররা। এই তালিকায় সবার ওপরে পাকিস্তান। সমান ৯ টেস্টে তাদের নো বল ১১০টি। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ছয় টেস্টে করেছে ৪৬টি। ইংল্যান্ড সাত টেস্টে ৩২টি, শ্রীলঙ্কা ছয় টেস্টে ৩১টি এবং ভারত চার টেস্টে ৩০টি নো বল করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নো বল ২৪টি করে, দক্ষিণ আফ্রিকার ২২টি। সবচেয়ে কম ৩টি করে নো বল করেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে আয়ারল্যান্ড খেলেছে মাত্র একটি টেস্ট, জিম্বাবুয়ে তিনটি।
তিন ফরম্যাট মিলিয়ে নো বলের তালিকায়ও বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয়। ৩৭ ম্যাচে ১১৬টি নো বল করে শীর্ষে পাকিস্তান। ভারত ৩৩ ম্যাচে করেছে ৮৪টি। আর বাংলাদেশ ৩৩ ম্যাচে ৬৬টি নো বল করেছে। এই তুলনায় জিম্বাবুয়ে ৩২ ম্যাচে মাত্র ১৯টি নো বল করেছে। আফগানিস্তানও ২৯ ম্যাচে ১৯টি নো বল দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৩১ ম্যাচে করেছে ৩৪টি করে।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি নো বল করেছে ভারত। ১৭ ম্যাচে তাদের নো বল ২৫টি। শ্রীলঙ্কা ১১টি নো বল করে তালিকায় পরের অবস্থানে। বাংলাদেশ করেছে ৮টি। অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলাররা তুলনামূলক নিয়ন্ত্রিত। চলতি বছর এই সংস্করণে তাদের নো বল মাত্র ৪টি। সেখানে ভারত ২৯টি এবং নিউজিল্যান্ড ১৭টি নো বল করেছে।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশের নো বলের সমস্যা সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে। এর সরাসরি প্রভাব পড়ছে মাঠের খেলায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেমন একাধিকবার উইকেট পেয়েও নো বলের কারণে তা ধরে রাখতে পারেননি পেসাররা। বোলারদের এই ভুল কমাতে না পারলে বড় ম্যাচে তার মাশুল আরও দিতে হতে পারে বাংলাদেশকে।