Advertisement
Us Bangla Airlines
এবাদতের চেয়ে রেকর্ড ভালো, তবুও উপেক্ষিত খালেদ!

এবাদতের চেয়ে রেকর্ড ভালো, তবুও উপেক্ষিত খালেদ!

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৫:০২

কনুইয়ের চোটে ভুগছেন হাসান মাহমুদ। ওয়ান্ডারার্স টেস্টে হাতে ব্যান্ডেজ নিয়েই বোলিং করেছেন এই পেসার। ব্যথার কারণে ওভারের মাঝপথে মাঠও ছেড়েছেন। ফলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকতে পারেন হাসান। তার বিকল্প হিসেবে কে খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা। তবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে পরিসংখ্যানের বিচারে এগিয়ে খালেদ আহমেদ।

বাংলাদেশ সাধারণত পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলায়। টানা দুই টেস্টে তাসকিন আহমেদকেও খুব একটা দেখা যায় না। ফলে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে সেঞ্চুরিয়নের পেস সহায়ক উইকেটে অন্তত তিন পেসার নিয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ। হাসান না খেললে শরিফুল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এবাদতের জায়গায় কি একাদশে ফিরবেন খালেদ?

ওয়ান্ডারার্স টেস্টে উইকেট বেশি না পেলেও বল হাতে নিয়ন্ত্রণ দেখিয়েছেন তাসকিন। তাকে দ্বিতীয় টেস্টে খেলিয়ে প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেওয়ার পরিকল্পনাও থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। তবে খালেদের দাবির পক্ষে সবচেয়ে বড় যুক্তি দক্ষিণ আফ্রিকার মাটিতে তার পারফরম্যান্স। বিশেষ করে এবাদতের সঙ্গে তুলনায় তার রেকর্ড বেশ ভালো।

নতুন বলে হাসান ও তাসকিনের বোলিংয়ে থাকে সুইং ও নিয়ন্ত্রণ। শরিফুলও বাউন্সের সঙ্গে সুইং করাতে পারেন। কিন্তু বল পুরোনো হলে বাংলাদেশের পেস আক্রমণের কার্যকারিতা কমে আসে। এ জায়গায় এবাদতের ওপর ভরসা করতে হয়। নরম বলে রিভার্স সুইংয়ে কার্যকর নাহিদ রানাও চোটের কারণে দলের বাইরে।

প্রথম টেস্টে নাহিদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন এবাদত। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। অন্যদিকে পুরোনো বলে উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে খালেদের। সম্প্রতি কাউন্টি ক্রিকেটেও পুরোনো বলে ব্যাটারদের লেগ বিফোর ও ক্যাচে আউট করেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার মাটিতেও পুরোনো বলে উইকেট নেওয়ার নজির রয়েছে তার।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলেছিলেন খালেদ। শিকার করেছিলেন ৮ উইকেট। তার প্রায় সব কটি উইকেটই এসেছিল পুরোনো বলে। শুধু উইকেটসংখ্যায় নয়, বোলিং গড়েও এবাদতের চেয়ে এগিয়ে তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবাদতের বোলিং গড় ৫৭, সেখানে খালেদের ৩২। অর্থাৎ একটি উইকেট পেতে এবাদতের তুলনায় অনেক কম রান খরচ করেছেন খালেদ।

কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা, বাউন্সি উইকেটে বোলিংয়ের দক্ষতা এবং পুরোনো বলে উইকেট নেওয়ার সামর্থ্য, সব দিক থেকেই একাদশে বিবেচনার জোরালো দাবি রাখেন খালেদ। পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে। অথচ প্রথম টেস্টে সুযোগ পাননি তিনি। এবার সেঞ্চুরিয়নে কি মিলবে অপেক্ষার অবসান? নাকি ভালো রেকর্ড নিয়েও একাদশের বাইরে থাকতে হবে এই পেসারকে?

এমআই