শতভাগ ফিট নাহিদ রানা, মাঠে ফিরছেন কবে?
খেলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১২:২৬
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় দফার পুনর্বাসন শেষে দেশে ফিরে ফিটনেস ফিরে পাওয়ার খবর পেয়েছেন তিনি। তবে মাঠে ফেরার অপেক্ষা এখনই শেষ হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সাদা বলের সিরিজে খেলবেন কি না, তা নির্ভর করছে ফিটনেস পরীক্ষা ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।
গত সেপ্টেম্বরে পুনর্বাসন চলাকালেই আবার চোটে পড়েন নাহিদ। এরপর দ্বিতীয় দফায় তাকে অস্ট্রেলিয়ায় পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেন এই পেসার। তার তত্ত্বাবধানে চলে পুনর্বাসন। একপর্যায়ে অস্ট্রেলিয়ার মাটিতেই শুরু করেন বোলিং অনুশীলন।
কয়েক দিন আগে দেশে ফেরেন নাহিদ। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার পর গতকাল বিসিবির চিকিৎসকদেরও দেখিয়েছেন তিনি। সেখানেও মিলেছে ইতিবাচক খবর। পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই গতিতারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টি-টোয়েন্টি সিরিজ খেলার গুঞ্জন রয়েছে।
তবে ফিট হয়ে ওঠার পরও জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে আরও দুটি ধাপ পেরোতে হবে তাকে। প্রথমে দিতে হবে ফিটনেস ও ওয়ার্কলোড পরীক্ষা। সেখানে সন্তোষজনক ফল পেলেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাকে বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদ এখন ফিট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘নাহিদ ফিট। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।’
নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই শতভাগ ফিট হওয়ার পরও তাড়াহুড়ো করে মাঠে ফেরানো হচ্ছে না তাকে। সব পরীক্ষায় উতরে গেলেই মিলবে খেলার অনুমতি। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদের প্রত্যাবর্তন আপাতত নির্ভর করছে শেষ ধাপের পরীক্ষার ওপর।