৯ বলেই ৯ উইকেটে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৬
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের লড়াই শেষ হলো চরম হতাশায়। প্রথম ইনিংসে ৪০০ রান করেও হার এড়াতে পারল না সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড় করায় মাত্র ১২ রান। সেই রান তুলতে প্রোটিয়াদের লাগে মাত্র ৯ বল। তাতে ৯ উইকেটের বড় জয় নিয়ে টেস্ট শেষ করে স্বাগতিকরা।
চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে তখনও ৫৭ রানে পিছিয়ে ছিল তারা। পঞ্চম দিনে লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে প্রতিরোধ গড়ার আশা ছিল। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি।
সকালের সেশনে লিটনকে বোল্ড করেন কাগিসো রাবাদা। এরপর সাইমন হার্মারের বলে মুশফিকুর রহিমের বিদায়ে ভাঙে বাংলাদেশের শেষ ভরসাও। অনেকটা বেরিয়ে এসে খেলতে গিয়ে গ্লাভসে বল লাগিয়ে শর্ট লেগে ক্যাচ দেন অভিজ্ঞ এই ব্যাটার। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান করেন মুশফিক।
এরপর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যেতে সময় লাগেনি। শেষ চার উইকেট পড়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। ৫১ রান খরচায় ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার সাইমন হার্মার। কাগিসো রাবাদা শিকার করেন ৩ উইকেট।
জয়ের জন্য ১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিরাজের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মারকাস অ্যাকারম্যান। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। ৯ বলেই ১২ রান তুলে ম্যাচ শেষ করেন মার্করাম ও হামজা। মার্করাম অপরাজিত থাকেন ৯ রানে।
অথচ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ের মঞ্চ তৈরি করেছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে ৪০০ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে মারকাস অ্যাকারম্যানের ১৫৭ ও রায়ান রিকেলটনের ১০২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৫৫৭ রান। ফলে প্রথম ইনিংসেই ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।
সেই লিডের চাপ সামলে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১ রানের লিড নিয়েই থামতে হয় তাদের। তাতে মাত্র ৯ বলেই সেই লক্ষ্য পেরিয়ে জোহানেসবার্গ টেস্ট নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।
এমআই