Advertisement
Us Bangla Airlines
ম্যাচ হারের দিনেও রেকর্ড গড়েছেন মুশফিক-লিটন

ম্যাচ হারের দিনেও রেকর্ড গড়েছেন মুশফিক-লিটন

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৫

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের হার ঠেকানো যায়নি। তবে ম্যাচের হতাশার মধ্যেও রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম জুটি হিসেবে ২ হাজার রান পূর্ণ করেছেন তারা। এই মাইলফলকে পৌঁছাতে দুজনের লেগেছে মাত্র ৩৪ ইনিংস।

বৃহস্পতিবার পঞ্চম দিনের সকালে কাগিসো রাবাদার বলে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকান লিটন। সেই চারেই মুশফিকের সঙ্গে তার জুটির রান ২ হাজার ছাড়ায়। জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২০ রান দূরে ছিলেন তারা। চতুর্থ দিনে ১৩, আজ ৭ রান যোগ করতেই এই অর্জনে নাম লেখান তারা।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে ২ হাজারের বেশি রান করা জুটি ছিল দুটি। মুশফিক-সাকিব ৭০ ইনিংসে করেছেন ২৮৬৩ রান। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে যোগ করেছেন ২৪৩৩ রান। তাদের দুজনকেই ছাড়িয়ে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক-লিটন।

২০১৭ সালে গলে শুরু হয়েছিল এই জুটির পথচলা। এখন পর্যন্ত ৩৪ ইনিংসে তাদের সংগ্রহ ২০২৭ রান, গড় ৫৯.৬১। শতরানের জুটি গড়েছেন আটবার, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।

এই জুটির সবচেয়ে বড় সাফল্য ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ২৭২ রান যোগ করেন মুশফিক ও লিটন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ জুটি।

দলের বিপদে আরও কয়েকবার হাল ধরেছেন তারা। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে চতুর্থ উইকেট পতনের পর যোগ করেন ২০৬ রান। গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে তাদের জুটি ছিল ১২৩ রানের। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ষষ্ঠ উইকেটে করেন ১১৪ রান।

জোহানেসবার্গে অবশ্য মুশফিক-লিটনের জুটি বেশিদূর এগোয়নি। ৪৭ রানে থামে তাদের জুটি। রাবাদার বলে বোল্ড হয়ে ৫৯ বলে ৪৩ রান করে ফেরেন লিটন। পরে ৬২ বলে ২২ রান করে আউট হন মুশফিক। দলকে হার থেকে বাঁচাতে না পারলেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম ২ হাজার রানের জুটি গড়েছেন তারা।