শান্তর চাওয়া পূরণ করছেন না নির্বাচকরা
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২০:১৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়ে আক্ষেপ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে নির্বাচকদের কাছে একজন পেস বোলিং অলরাউন্ডার চেয়েও পাচ্ছেন না, বলে দাবি করছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘পেস বোলিং অলরাউন্ডারের অভাব সব সময়ই অনুভব করি। এই জায়গায় আমরা সংগ্রামও করছি। গত কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন কিংবা এখনও আছেন, তাদের একটি বার্তা দেওয়া আছে, আমাদের একজন অলরাউন্ডার দেন। অন্তত একজন হলেও দেন। কিন্তু আমরা পাচ্ছি না।’
এই ঘাটতি পূরণে কোচদের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক। তার আশা, কোচরা এমন এক-দুজন ক্রিকেটার তৈরি করবেন, যারা পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন।
শুধু অলরাউন্ডারের অভাব নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের কারণও ব্যাখ্যা করেছেন শান্ত। তবে এ জন্য আবহাওয়াকে দায়ী করতে রাজি নন তিনি। বরং নো বল, ক্যাচ মিস এবং গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ কাজে লাগাতে না পারাকেই হারের বড় কারণ মনে করছেন।
শান্ত বলেন, ‘আমি আবহাওয়ার অজুহাত দিতে চাই না। শুরুতেই নো বলের কারণে উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। রিকেলটনের ক্যাচ মিস হয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। আপনি বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছেন। এত ভুল করে জয়ের আশা করা কঠিন। ভুল যত কম হবে, জয়ের সম্ভাবনা তত বাড়বে।’
প্রথম ইনিংসে ৪০০ রান করেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে শান্তর মূল্যায়ন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে প্রথমে ব্যাটিং করে ৪০০ রান করেছিলাম। তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করতে পারেন না। এত নো বল, এত ক্যাচ মিস, এসব কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’