Advertisement
Us Bangla Airlines
সেঞ্চুরির ম্যাচে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা

সেঞ্চুরির ম্যাচে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করলেও মাঠের বাইরের ঘটনায় জরিমানার মুখে পড়েছেন তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

গত বুধবার জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট চলাকালে লেভেল-১ অপরাধে জড়ান হৃদয়। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করাকে এই ধারায় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ দিনে। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল।

এ সময় আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন এই ব্যাটসম্যান। গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। নিজের দোষ স্বীকার করে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা। আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।