সাত শহরে হচ্ছে বিসিবি একাডেমি, তামিমের চাওয়ার ৬৪টি
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৮:১৮
তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাত শহরেই থেমে থাকতে চান না বোর্ড সভাপতি তামিম ইকবাল। তার ইচ্ছে, একসময় দেশের ৬৪ জেলাতেই গড়ে উঠবে বিসিবির নিজস্ব একাডেমি। বিভাগীয় নয়, প্রশিক্ষণ হবে জেলাভিত্তিক।
প্রতিটি একাডেমিতে ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের যাবতীয় খরচ বহন করবে বিসিবি। আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরুর আশাবাদ জানিয়েছেন তামিম। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’ নতুন একাডেমি চালু করতে বড় বিনিয়োগের প্রয়োজন দেখছেন না বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও।
‘আমাদের কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন’—যোগ করেন তামিম ইকবাল।
বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতি প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে চান তামিম। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বাছাইয়ের পরপরই টুর্নামেন্ট শুরু হয়। নতুন ব্যবস্থায় চার মাস আগে বয়স যাচাই করে নির্বাচিত ক্রিকেটারদের একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তামিম বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’
খেলোয়াড়দের পড়াশোনার কথা মাথায় রেখে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমি পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচিত ৫০ থেকে ৬০ জন ক্রিকেটার সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন।
তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করব, ৫০ জন হোক বা ৬০ জন- তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’
প্রথম ধাপে অবকাঠামোগত সুবিধা থাকা শহরগুলোতে একাডেমি চালু হবে। পরে প্রতি এক বা দুই বছর পরপর নতুন এক বা দুটি একাডেমি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন একাডেমি চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বা বিভাগে ইনডোর সুবিধা থাকার ওপর গুরুত্ব দিচ্ছে বিসিবি।
তামিম বলেন, ‘আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোব। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করব।’
পরিকল্পনাটি নিয়ে পরিচালকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী ২৮ নভেম্বর বোর্ড সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি তোলা হবে। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু হতে পারে।