Advertisement
Us Bangla Airlines
পাকিস্তান-শ্রীলঙ্কা নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বাংলাদেশ
এশিয়া কাপের আগে

পাকিস্তান-শ্রীলঙ্কা নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বাংলাদেশ

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ২০:৪০

এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য দুই দেশের ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রস্তাবে ইতিবাচক সাড়া মিললেও এখনো চূড়ান্ত হয়নি সিরিজের সূচি।

২০২৭ এশিয়া কাপের ঠিক আগে এই সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। পরিকল্পনা অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজ শেষ করেই তিন দল সরাসরি যোগ দেবে এশিয়া কাপে। তামিম জানিয়েছেন, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই বোর্ডই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে।

এ নিয়ে তামিম বলেন,  ‘এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আমি একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। দুই বোর্ড থেকেই ইতিবাচক সাড়া পেয়েছি। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি। তাই এখনই সিরিজটি নিশ্চিত বলে ঘোষণা করতে পারছি না।’

তবে ইতিবাচক সাড়া পেলেও সিরিজ আয়োজনের পথে কিছু বিষয় এখনো বিবেচনায় রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচির (এফটিপি) সঙ্গে কোনো সংঘাত তৈরি হবে কি না, তা দেখতে হবে দুই বোর্ডকে। পাশাপাশি সফরকারী দলগুলোর সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা বাকি।

তামিমের পরিকল্পনা, এশিয়া কাপের আগে তিন দলকে একই প্রতিযোগিতায় নামিয়ে টুর্নামেন্টের প্রস্তুতির পাশাপাশি দর্শকদের আগ্রহও বাড়ানো। 

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, এশিয়া কাপের ঠিক আগে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা। যেন সিরিজ শেষ করেই তিনটি দল এশিয়া কাপে অংশ নিতে পারে। আমার মনে হয়, এমন একটি সিরিজ হলে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। পাশাপাশি দর্শকদের আগ্রহও অনেক বেড়ে যাবে।’

এই সিরিজ হলে প্রস্তুতির বাড়তি সুযোগ পাবে বাংলাদেশও। এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপে থাকছে। পাশাপাশি বিশ্বকাপেও দলটির বিপক্ষে খেলতে হবে টাইগারদের। ফলে বড় টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পাবে লিটন দাসের দল।

এমআই