তামিমের বোর্ডের নতুন ৬ পরিকল্পনা
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২২:৫২
বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে একগুচ্ছ নতুন পরিকল্পনা সামনে এনেছে বিসিবি। তৃণমূল থেকে ক্রিকেটার তৈরি, অলিম্পিকের বাছাইপর্ব আয়োজন, ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল ঢাকায় আনা, নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন নীতিমালা এবং নতুন প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পৃষ্ঠপোষকতা। সবমিলিয়ে ছয়টি উদ্যোগ নিয়ে এগোতে চায় তামিম ইকবালের বোর্ড।
এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ দেশের ছয় থেকে সাতটি শহরে বিসিবি একাডেমি চালু করা। প্রতিটি একাডেমিতে বাছাই করা ৫০ থেকে ৬০ জন ক্রিকেটারকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। দীর্ঘমেয়াদে দেশের ৬৪ জেলায় একাডেমি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে বোর্ডের।
অন্যদিকে, অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেতে সফল হয়েছে বিসিবি। পরিকল্পনা অনুযায়ী, ঢাকাতেই সব ম্যাচ আয়োজন করতে চায় বোর্ড। এতে ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন লিটন দাসরা। বাংলাদেশ যেহেতু বাছাইপর্বে অংশ নেবে, সেহেতু হোম ভেন্যুর বাড়তি সুবিধাও পাবে।

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনেও বড় লক্ষ্য বিসিবির। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ। সেই আসরের অন্তত একটি সেমিফাইনাল ঢাকায় আয়োজনের চেষ্টা করছে বোর্ড। এতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ দেখছে বিসিবি।
নারী ক্রিকেটারদের জন্যও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি ও সন্তান জন্মের পর মাঠে ফেরার বিষয়ে নীতিমালা অনুমোদনের পথে রয়েছে বোর্ড। এর মাধ্যমে নারী ক্রিকেটারদের জন্য বাড়তি সুরক্ষা ও সুযোগ নিশ্চিত করতে চায় বিসিবি। নারীদের যৌন নিরাপত্তায় ৫ সদস্যের বোর্ডও গঠন করেছে বিসিবি।
এদিকে, নতুন প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পাঁচ বছরের পৃষ্ঠপোষক হয়েছে প্রাইম ব্যাংক। ফলে কেন্দ্রটির কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা পাবে বিসিবি। এতে বিসিবির খরচের ৭০ শতাংশ উঠে আসবে। এছাড়া খেলোয়াড়দের প্রশিক্ষণ ও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। ২০২৭ এশিয়া কাপের ঠিক আগে সিরিজটি আয়োজনের পরিকল্পনা তামিমের। দুই দেশের ক্রিকেট বোর্ড ইতিবাচক সাড়া দিলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি।